ক্যাম্পাস

তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি রুহুল, সম্পাদক সাদিয়া

ইবি প্রতিনিধি

শেয়ারঃ

তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি রুহুল, সম্পাদক সাদিয়া- খবরের থাম্বনেইল ফটো

"বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম- এর ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় পর্ষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে শিক্ষার্থী রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইশা সুলতানা সাদিয়া মনোনীত হয়েছেন।


শনিবার (০১ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা ফয়সাল আহম্মদ, জাহানুর ইসলাম ও স্থায়ী পর্ষদ মুখপাত্র মাহদী হাসান মজুমদার স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়৷ একই সাথে পরবর্তী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।


নব মনোনীত সভাপতি রুহুল আমিন সংগঠনটির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিসহ একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদকসহ একাধিক পদে দায়িত্ব পালন করেছেন।


নব মনোনীত সভাপতি রুহুল আমিন বলেন, "বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম দেশের তারুণ্যনির্ভর সর্ববৃহৎ বুদ্ধিবৃত্তিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি দেশব্যাপী তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের তরুণ কলাম লেখকেরা জাতীয় পত্রিকাগুলোতে সমাজ থেকে কুসংস্কার, অজ্ঞতা, অন্যায়, শোষণ ও দুর্নীতি দূরীকরণে নিয়মিত গঠনমূলক লেখালেখি করে যাচ্ছেন। একইসাথে জাতীয় ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করে সাধারণ মানুষকে সচেতন করে তুলছেন।"


তিনি আরও বলেন, "নতুন লেখক তৈরি, লেখার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। তরুণ লেখকদের এই বুদ্ধিবৃত্তিক লড়াইকে আরও বেগবান করতে এবং সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে আমি সকল শুভানুধ্যায়ীর সার্বিক সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করছি।"


উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩শে জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।


সম্পর্কিত খবর