ক্যাম্পাস
ইবিতে পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অর্থনীতি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর সহযোগিতায় ‘পুঁজিবাজারে বিনিয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ৪৩৫ নং কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. পার্থ সারথি লস্কর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। বিশেষ অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের ইকোনমিক্স ক্লাবের সভাপতি মো. আব্দুল জলিল পাঠান এবং বিআইসিএম-এর সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ (এফসিসিএ)।
এ ছাড়াও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবু রায়হান, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ, আল-ফিকহ এন্ড ল বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ূন কবির, শামীমা নাসরীন, ড. আরিফুল ইসলাম ও বিআইসিএম এর প্রভাষক আদনান আহমেদ উপস্থিত ছিলেন।
কর্মশালায় অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, "পুঁজিবাজার (Capital Market) সংক্রান্ত পেশাদার জ্ঞানে আপনাদের অবশ্যই অভ্যস্ত হওয়া উচিত। পেশাদার ডিগ্রি বা পেশাগত শিক্ষা সবসময়ই মূল বিষয়ের ব্যবহারিক জ্ঞানের সাথে পরিচিত হতে সাহায্য করে। তত্ত্বীয় দিকগুলোর পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য এটি একটি বড় সুযোগ।"
তিনি আরো বলেন, "আমি মনে করি এটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত একটি লাভজনক উদ্যোগ। আশা করি এই কর্মশালা থেকে আপনারা পুঁজিবাজার সংক্রান্ত ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন। আপনারা অত্যন্ত মনোযোগ ও আগ্রহের সাথে এতে অংশ নেবেন এবং এই ধরণের জ্ঞান অর্জন করবেন।"







