ক্যাম্পাস
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ইবিতে নানা কর্মসূচি

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।
দিবসটি উদযাপন উপলক্ষে আগামীকাল বুধবার (০৫ আগস্ট) সকাল ৯টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে। পতাকা উত্তোলন শেষে সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবন চত্বর থেকে উপাচার্যের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হবে।
শোভাযাত্রা শেষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকবেন।
আলোচনা সভা শেষে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসটি উপলক্ষে সন্ধ্যার পরে স্ব-স্ব হলে শিক্ষার্থীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
এর আগে, বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গত ১৫ জুলাই রাতে শহীদদের আত্মার মাগফরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কুরআন খনি করা হয়। পরদিন ১৬ জুলাই শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শহীদ আনাস হলে বৃক্ষরোপণ ও বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়ে। এছাড়া ০৩ আগস্ট শহীদ আনাস হলে শহীদ শাহরিয়ার খান আনাসের মাকে লেখা চিঠির ফলক উন্মোচন এবং টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জুলাই-আগস্ট অভ্যূত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়া বলেন, আমরা দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন ভাগে ভাগ করেছি। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। শুধু বৈরি আবহাওয়ার কারনে আমাদের খেলাধুলা অনুষ্ঠান ফুটবল মাঠে না হয়ে জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি সকলের অংশগ্রহণে একটা সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এদিন বুধবার সকাল ৮টা থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপা থেকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য বিশেষ বাস সার্ভিস চালু থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মসূচিগুলো সফল করতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।







