ক্যাম্পাস

গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের হলে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ

গোবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের হলে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ - খবরের থাম্বনেইল ফটো

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ফিস্টে হলগুলোতে শিক্ষার্থীদের নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, পরিবেশিত নিম্নমানের চাউল, ডালের মধ্যে মুরগির নাড়িভুঁড়ি দেওয়া হয়েছে এবং ফিস্টে সরবরাহ করা ডিমের একটি অংশ ছিল পচা। এ ঘটনায় আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


শিক্ষার্থীদের অভিযোগ, বিশেষ দিবস উপলক্ষে উন্নতমানের খাবারের প্রত্যাশা থাকলেও বাস্তবে পরিবেশিত খাবারের মান ছিল অত্যন্ত নিম্নমানের। অনেকেই খাবার খেতে না পেরে তা ফেলে দিতে বাধ্য হন।


তিতুমীর হলের আবাসিক শিক্ষার্থী রাকিউল আলম রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এত নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছে, যা মুখে নেওয়াই যায় না। খাবারে দেওয়া ডিমের বেশিরভাগই ছিল পচা এবং ডালের মধ্যে মুরগির নাড়িভুঁড়ি পাওয়া গেছে। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার জবাব চাই এবং দ্রুত তদন্তের দাবি জানাই।”


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, “হলের খাবারের মান নিয়ে অভিযোগের বিষয়টি আমার নজরে এসেছে। এটি অত্যন্ত গর্হিত। এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে।”


বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ আশ্বাসের পর শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে তিতুমীর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বনলতা ও অপরাজিতা হলসহ সব আবাসিক হলে মানসম্মত খাবার নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


সম্পর্কিত খবর