ক্যাম্পাস

‎'আমার ছেলের মতো আর দ্বিতীয় কেউ হতে পারবে না'- শহীদ আব্দুল কাইয়ুমের মা

‎কুবি প্রতিনিধি

শেয়ারঃ

‎'আমার ছেলের মতো আর দ্বিতীয় কেউ হতে পারবে না'- শহীদ আব্দুল কাইয়ুমের মা - খবরের থাম্বনেইল ফটো

‎"আমার ছেলের কথা বলতে গেলে কখনো শেষ হবে না৷ আমি মনে করি আমার ছেলের মতো আর দ্বিতীয় কেউ হতে পারবে না।" অশ্রুশিক্ত কণ্ঠে এই কথাগুলোই বলছিলেন জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ আব্দুল কাইয়ুমের মা।

‎বুধবার (৫ই আগস্ট) কুবিতে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন শহীদ আব্দুল কাইয়ুমের মা। অনুষ্ঠানে আব্দুল কাইয়ুমকে মরণোত্তর সংবধর্না দেওয়া হয় এবং তাঁর মায়ের হাতে সম্মাননা স্মারক তুলো দেওয়া হয়।

‎তিনি আরও বলেন, "আমার ছেলের জন্য বিশ্ববিদ্যালয়ের সবাই এত বড় একটা আয়োজন করেছে এটার জন্য আমি খুশি। আপনারা জানেনই আমার অবস্থা; স্যাররা গিয়েছিলো আমার বাড়িতে, তারা দেখে আসছে৷"

‎শহীদ আব্দুল কাইয়ুম এবং তার পরিবারকে নিয়ে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, "আমরা আব্দুল কাইয়ুমের পরিবারের প্রতি কৃতজ্ঞ তারা আমাদের ডাকে সারা দিয়েছেন, আমাদের অনুষ্ঠানে এসেছেন। আব্দুল কাইয়ুম কোন ফ্যাকাল্টিতে পড়তো, কোন বিভাগে ক্লাস করতো, পরীক্ষা দিতো এগুলো তার পরিবারকে দেখানোর জন্যই এই ফ্যাকাল্টিতে আয়োজন করেছি। শহীদ আব্দুল কাইয়ুম ৪ তারিখে যেদিন গুলিবিদ্ধ হয় সেদিন স্বৈরাচার দেশে ছিলো, আর ৬ তারিখ যেদিন মারা যায় সেদিন দেশ স্বৈরাচার মুক্ত হয়েছিলো"

‎তিনি আরও বলেন, "সরকার শহীদ পরিবারদের যে ফ্ল্যাট বরাদ্দ দিচ্ছে। আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, যেন আপনাদের পরিবারও সেই সুবিধাটুকু পায়৷ সেটা পাওয়ার জন্য আমাদের প্রশাসনের পক্ষ থেকে যতটুকু করা লাগে আমরা সবটুকুই করবো। প্রয়োজনে আমরা মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করে সেই সুবিধাটুকু নিশ্চিত করার চেষ্টা করবো। আপনারা আমাদের মাঝে এসেছেন৷ আপনাদের হারানের যে বেদনা সেটা পূরণ করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু আপনাদের হারানোর মাধ্যমে দেশ যে প্রাপ্তিটা পেয়েছে আমরা যে প্রাপ্তিটা পেয়েছি তার কৃতজ্ঞতা আপনাদের পরিবারের প্রতি আমাদের সারা জীবন থাকবে।"


সম্পর্কিত খবর