ক্যাম্পাস

হাসিনাকে ফেরাতে গোপন তৎপরতা: রাবির ২২ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

হাসিনাকে ফেরাতে গোপন তৎপরতা: রাবির ২২ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ- খবরের থাম্বনেইল ফটো

সম্প্রতি ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা' শিরোনামে একটি অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশ করে দেশের একটি অনলাইন গনমাধ্যম'। যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) থেকে ৪২ জন শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে রাবি প্রশাসনের। তাদের পরিচয় ও অভিযোগে উল্লিখিত ভূমিকা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ।


ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম-২ কে। কমিটির অন্যান্য সদস্য হলেন, প্রফেসর মো. গোলাম ছাদিক (ফার্মেসী বিভাগ), প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম (প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ), প্রফেসর মো. আনিছুর রহমান (প্রাণিবিদ্যা বিভাগ) ও সদস্য-সচিব প্রফেসর মো. গিয়াস উদ্দিন আহমেদ (এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ)।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসুউদ বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে প্রকাশিত শিক্ষকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন সিন্ডিকেট সদস্যের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গঠন করেছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।


তিনি আরও বলেন, প্রতিবেদনে কয়েকজন শিক্ষকের নাম আংশিক বা ডাকনামে উল্লেখ করা হয়েছে। তদন্ত কমিটি প্রকৃত অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করবে।


এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ‘এ বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এসেছে। প্রতিবেদনে অনেক শিক্ষকের আংশিক নাম ও ডাকনাম ব্যবহার করা হয়েছে। সঠিক ব্যক্তিদের শনাক্ত করতেই আজ পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর