ক্যাম্পাস

২২ বিশ্ববিদ্যালয়ে ৪০৪ শিক্ষকের ‘গোপন তৎপরতা’: ইবিতে জিয়া পরিষদের প্রতিবাদ

ইবি প্রতিনিধি

শেয়ারঃ

২২ বিশ্ববিদ্যালয়ে ৪০৪ শিক্ষকের ‘গোপন তৎপরতা’: ইবিতে জিয়া পরিষদের প্রতিবাদ- খবরের থাম্বনেইল ফটো

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাংশের রাষ্ট্রবিরোধী ও ফ্যাসিবাদী তৎপরতা এবং সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ। সেই সাথে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।


বুধবার (০৫ আগস্ট) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মোঃ ফারুকুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে জনস্বার্থ পরিপন্থী এবং নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের আদর্শিক তৎপরতায় সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জুলাই গণআন্দোলন-পরবর্তী জাতীয় মূল্যবোধের অংশীদার হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।


জিয়া পরিষদের নেতারা জানান, নিষিদ্ধ দলটির রাজনৈতিক অবস্থানকে সমর্থন করে একটি নির্দিষ্ট শিক্ষক সংগঠন নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, যা বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এমতাবস্থায় ক্যাম্পাসে ফ্যাসিজম পুনঃপ্রতিষ্ঠার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে যথোপযোগী কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ইবি প্রশাসনকে আহ্বান জানাচ্ছি।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত কয়েকদিন ধরে সারাদেশে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁতারা চলছে। এ জাতীয় সব ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার পাশাপাশি প্রতিটি মহলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।


প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে ‘এশিয়া পোস্টে’ ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে প্রতিবদেন প্রকাশিত হয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ ৪৪ জন শিক্ষকের নাম রয়েছে।


সম্পর্কিত খবর