ক্যাম্পাস
এক চায়ের দোকানেই ২৫ হাজার টাকা বাকি জাকসু ভিপি জিতুর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হল-সংলগ্ন একটি চায়ের দোকানেই প্রায় ২৫ হাজার টাকা বাকি রাখার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতুর বিরুদ্ধে। দোকানদারের দাবি, বারবার তাগাদা দেওয়ার পরও তিনি বকেয়া টাকা পরিশোধ করেননি।
বুধবার জাকসুর ভিপির বিরুদ্ধে এক ছাত্রলীগ কর্মীকে আশ্রয় দেওয়ার অভিযোগ ঘিরে ক্যাম্পাসে পরিস্থিতি উত্তপ্ত হলে তার এই বকেয়া রাখার বিষয়টিও সামনে আসে। বকেয়ার খাতায় দেখা যায় ২৪ হাজার ৩ শত ৬৯ টাকা বাকি রেয়েছে।
আল-বেরুনী হলের কয়েকজন শিক্ষার্থী বলেন, অতীতে ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে দোকানে বাকি রাখা বা টাকা না দিয়ে খাওয়ার অভিযোগ ছিল। গণ-অভ্যুত্থানের পর এ ধরনের ঘটনা অনেকটাই কমে গেলেও জাকসুর ভিপির বিরুদ্ধে এমন অভিযোগ নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
পরিচয় প্রকাশ না করার শর্তে ওই দোকানদার বলেন, “তারা নেতা মানুষ। বারবার টাকা চাইলে কখন কী হয়, সেই ভয় থাকি। কিন্তু একটি ছোট চায়ের দোকানে ২৬ হাজার টাকা আটকে থাকলে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ে। টাকাটা পেলে আমার অনেক উপকার হতো।"







