ক্যাম্পাস
হামলার ঘটনায় জবি প্রক্টরের পদত্যাগসহ জকসুর ৯ দফা দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রক্টরের পদত্যাগ, তাঁর ভূমিকা তদন্ত করে শাস্তি এবং হামলায় জড়িতদের বিচারের দাবিসহ ৯ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই স্মারকলিপি তুলে দেন জকসুর নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে জকসুর উত্থাপিত ৯টি দাবি:
প্রক্টরের পদত্যাগ ও শাস্তি: শিক্ষার্থীদের নিরাপত্তা না দিয়ে উল্টো হামলার ঘটনা ঘটানোর অপরাধে অবিলম্বে প্রক্টরের পদত্যাগ ও তদন্তপূর্বক শাস্তি নিশ্চিত করা।
জড়িতদের বিচার ও বহিষ্কার: হামলায় জড়িত বহিরাগত ও শিক্ষার্থীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার করা।
ফৌজদারি মামলা: ক্যাম্পাস, ক্যাম্পাসের বাইরে ও হাসপাতালে সংঘটিত হামলার ঘটনায় বহিরাগতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফৌজদারি মামলা করা।
নিরাপত্তা নীতিমালা: বহিরাগত ও অছাত্রদের প্রবেশ নিয়ন্ত্রণে স্থায়ী নিরাপত্তা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।
বিচার বিভাগীয় তদন্ত: জকসুর প্রতিনিধিদের কাছে অবিকৃত সিসিটিভি ফুটেজ হস্তান্তর এবং বর্তমান কমিটি বাতিল করে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন।
চিকিৎসা ও একাডেমিক সহায়তা: আহত শিক্ষার্থীদের চিকিৎসার সব খরচ বহন এবং প্রয়োজনীয় একাডেমিক সহায়তা দেওয়া।
সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ: শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসের বাইরের অপ্রীতিকর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ নেওয়া।
দায়িত্বহীনদের অপসারণ: হাসপাতালে আহতদের দেখতে না যাওয়ায় দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ।
অছাত্রমুক্ত ক্যাম্পাস: অছাত্রদের অসুস্থ রাজনীতিমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা করা।
স্মারকলিপি জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম জানান, হামলায় ৭০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় ‘কোড অব কন্ডাক্ট’ প্রণয়নের দাবি জানান তাঁরা।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, “জকসু প্রক্টর অপসারণের দাবি জানিয়েছে। ওনার দায়িত্বে কোনো গাফিলতি ছিল কি না, তা পর্যালোচনা ও বিচার-বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”







