ক্যাম্পাস

সিকৃবিতে ‘মৃত্তিকা’র নতুন কমিটি গঠন, দায়িত্ব হস্তান্তর ও ম্যাগাজিন বিতরণ

সিকৃবি প্রতিনিধি

শেয়ারঃ

সিকৃবিতে ‘মৃত্তিকা’র নতুন কমিটি গঠন, দায়িত্ব হস্তান্তর ও ম্যাগাজিন বিতরণ- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সিকৃবি প্রতিনিধি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অনুষদ ভিত্তিক সংগঠন ‘মৃত্তিকা’-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটিকে দায়িত্ব হস্তান্তর, ম্যাগাজিন বিতরণ, সার্টিফিকেট প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৩টা ৩০ মিনিটে কৃষি অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শুরুতে বিদায়ী কমিটির কাছ থেকে নবগঠিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয় এবং নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একইসঙ্গে সংগঠনের প্রকাশনা ম্যাগাজিন বিতরণ, বিদায়ী কমিটির এক বছরের কার্যক্রম, সাফল্য, সীমাবদ্ধতা ও আগামী বছরের পরিকল্পনা তুলে ধরা হয়। পরে অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং হালকা নাস্তার আয়োজন ছিল। শেষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম বলেন, "আমি চাই আমাদের ফ্যাকাল্টির ছেলেদের হাত ধরেই এই মৃত্তিকা সংগঠন অনেক দূর এগিয়ে যাক। সারা দেশের মধ্যে পরিচিত পাক আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের ফ্যাকাল্টি। এই মৃত্তিকা সংগঠনের মাধ্যমে এবং মৃত্তিকার হাত ধরে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত মানুষ উপকৃত হোক—এটাই আমাদের প্রত্যাশা।"


অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারী প্রফেসর ড. মো. শারাফ উদ্দিন বলেন, "মৃত্তিকার বর্তমান ও সাবেক সদস্যদের আন্তরিক প্রচেষ্টাতেই সংগঠনটি আজকের অবস্থানে এসেছে। মৃত্তিকার অংশ হিসেবে কাজ করতে পারা এবং ষষ্ঠ ম্যাগাজিন প্রকাশনায় যুক্ত থাকতে পেরে আমি গর্বিত। বিশেষ করে হযরত, নকিব, আফিফা, সোয়েব, জোবায়ের, রাব্বু, জাছিয়া ও নাফিসসহ শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমেই এ প্রকাশনা সফলভাবে সম্ভব হয়েছে।"


নবনির্বাচিত সভাপতি আফিফা রহমান বলেন, "মৃত্তিকার সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত আছি। শুধুমাত্র একটি ফ্যাকাল্টিভিত্তিক সংগঠন হয়েও এর কার্যপরিধি অনেক বিস্তৃত। এ বিষয়টিই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। সভাপতি হিসেবে সকলের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।"


সাধারণ সম্পাদক নকিবুর রহমান বলেন, "মৃত্তিকা মানে মাটি, আর মাটির সঙ্গে সবারই একটি সংযোগ থাকা উচিত। আমিও মাটির সঙ্গে সংযোগ ফিল করি সেই ছোট থেকেই। আমাদের স্লোগান— “মর্ত্যের পৃথিবীতে শেকড়ের সন্ধানে”। আমরা মারা যাওয়ার পর মাটিতেই মিশে যাব, তাই মাটির মানুষ হওয়ার চেষ্টা করব। আমাদের কোনো গরজ থাকবে না, সঙ্গে অহংকার বা অহমবোধও থাকবে না; আমরা মাটির মতো হওয়ার চেষ্টা করব।

এই ‘মৃত্তিকা’ সংগঠনটি আমাদের কৃষি, সংস্কৃতি ও সাহিত্য নিয়ে কাজ করে। আমরা যুক্ত থাকব এই সব কাজে। সব শেষে বলতে চাই আমি নতুন কমিটি নিয়ে আশাবাদী।"


২০২৬-২৭ মেয়াদের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে আফিফা রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নকিবুর রহমান দায়িত্ব গ্রহণ করেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাকলাইন মোস্তাক, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ মো. রিয়াদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য বণিক, দপ্তর সম্পাদক উম্মে জাছিয়াহ্ জান্নাতী মীম, প্রচার সম্পাদক মুহাম্মদ আবু বাশার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রত্নদ্বীপ দাশগুপ্ত এবং সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রুকুনুজ্জামান লিমন। এছাড়াও বিভিন্ন পদে সহ-সম্পাদক ও ১৫ জন কার্যকরী সদস্য দায়িত্ব গ্রহণ করেন।


সংগঠনের ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকরা দায়িত্ব পালন করবেন। প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন প্রফেসর ড. মো. শারফ উদ্দিন এবং সহযোগী সমন্বয়কারী হিসেবে রয়েছেন প্রফেসর ড. মো. ওমর শরীফ। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন কৃষি অনুষদের ডিন।


সম্পর্কিত খবর