ক্যাম্পাস
সিকৃবিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, উচ্চশিক্ষা, ক্যারিয়ার ও ভবিষ্যৎ কর্মসংস্থান বিষয়ে দিকনির্দেশনা দিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করতে যাচ্ছে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় ছাত্র সমিতি।
আগামী ১৫ আগস্ট (শনিবার) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠাতব্য এই সেমিনারের প্রতিপাদ্য “একাডেমিক সাকসেস, হাইয়ার স্টাডিস এন্ড ক্যারিয়ার প্যাথওয়েস ফর এইবিএস স্টুডেন্টস।” সকাল ৯টা ৪০ মিনিটে নিবন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে।
আয়োজকরা জানান, সেমিনারে উচ্চশিক্ষার সুযোগ ও অ্যাসাইনমেন্ট লেখার কৌশল, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষায় ক্যারিয়ার সম্ভাবনা এবং শিক্ষার্থীদের একাডেমিক গাইডলাইন বিষয়ে পৃথক তিনটি সেশন অনুষ্ঠিত হবে। সেশনগুলো পরিচালনা করবেন কৃষি বিপণন ও ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান মো. স্বরূপ বড়ুয়া, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং কৃষি অর্থায়ন ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. শাহ আলমগীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহ জাহান মজুমদার। এছাড়াও অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহমেদ ও কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদীয় ছাত্র সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
কৃষি অর্থনীতি অনুষদীয় ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো. সাইমুন ইসলাম কবির ও সহ-সভাপতি তাহসিন আহমেদ সিফাত বলেন, “এই আয়োজনের মাধ্যমে কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, একাডেমিক দক্ষতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ শিক্ষার্থীদের নিজেদের সম্ভাবনা বিকাশে এবং ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদের ১৭ ব্যাচের শিক্ষার্থী মো. শিহাব উদ্দিন বলেন, “ছাত্র সমিতির আয়োজিত এ কর্মসূচি নিয়ে আমরা ১৭ ব্যাচ আনন্দিত ও উচ্ছ্বসিত। এর মাধ্যমে আমরা আমাদের বিষয়টির গুরুত্ব, ভবিষ্যৎ সম্ভাবনা এবং নিজেদের কোন পর্যায়ে নিয়ে যেতে পারি সে সম্পর্কে জানতে পারব। এমন একটি আয়োজনের সুযোগ পেয়ে আমরা খুবই ভাগ্যবান। এজন্য ছাত্র সমিতির সদস্যদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজন প্রত্যাশা করি।”
কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদের ১ম বর্ষের শিক্ষার্থী মো. তৌফিক আহমেদ সিয়াম বলেন, “এই সেমিনারটি আমাদের জন্য শুধু একটি একাডেমিক আয়োজন নয়, বরং ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবার একটি সুযোগ। উচ্চশিক্ষা, ক্যারিয়ার এবং একাডেমিক জীবনের বিভিন্ন দিক সম্পর্কে অভিজ্ঞদের কাছ থেকে বাস্তব ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়ার সুযোগটি আমাদের জন্য সত্যিই মূল্যবান।”
কৃষি অর্থনীতি ও ব্যবসা শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহ জাহান মজুমদার বলেন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ছাত্র সমিতি কর্তৃক আয়োজিত সেমিনার একটি সময়োপযোগী অনুষ্ঠান। এতে কৃষি অর্থনীতি ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্র ছাত্রীরা তাদের শিক্ষাব্যবস্থা ও প্রসার, উচ্চশিক্ষা, সফল উদ্যোক্তা এবং কর্মসংস্থান সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা করে জীবনের উচ্চ শিখরে পদার্পণ করতে পারবে বলে আশা করি। এজন্য উক্ত কর্মশালায় সকল ছাত্র-ছাত্রীদের কে অংশ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।
সেমিনারটির মাধ্যমে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, একাডেমিক দক্ষতা, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা ও কর্মজীবন সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবে এবং নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে কার্যকর দিকনির্দেশনা পাবেন বলে আশাবাদী আয়োজকরা। অনুষ্ঠানে অনুষদের সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে কৃষি অর্থনীতি অনুষদীয় ছাত্র সমিতির নেতৃবৃন্দেরা।







