জাতীয়
মেহেরপুরে অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করা গেলে অন্য জেলাও রক্ষা পাবে: ডিআইজি মোস্তাফিজুর রহমান

অনলাইন জুয়ার ক্ষেত্রে মেহেরপুর জেলা অনেক আগে থেকেই বিশেষ অবস্থানে রয়েছে উল্লেখ করে খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, "মেহেরপুরে অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করতে পারলে শুধু এই জেলা নয়, আরও অনেক জেলাই এর প্রকোপ থেকে রক্ষা পাবে।" আজ সোমবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, অনলাইন জুয়া বন্ধে মেহেরপুরের পুলিশ সুপার ব্যাপক ভূমিকা রাখবেন বলে তিনি আশা করেন। পুলিশের সাইবার ক্রাইম সেলকে আরও উন্নত করা সম্ভব হলে অনলাইন জুিয়াসহ অন্যান্য প্রযুক্তিগত অপরাধের দ্রুত সুরাহা করা সম্ভব হবে।
নারীর প্রতি সহিংসতার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে খুলনা রেঞ্জের এই শীর্ষ পুলিশ কর্মকর্তা বলেন, "নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। কোথাও ধর্ষণের ঘটনা ঘটলে আমার স্পষ্ট নির্দেশ- ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করতে হবে, সে যে দল বা মতেরই হোক না কেন। এছাড়া দুই সপ্তাহ বা তারও কম সময়ের মধ্যে মানসম্মত (কোয়ালিটি) চার্জশিট আদালতে দাখিল করতে হবে।"
কিশোর অপরাধ ও উঠতি বয়সের তরুণদের অপরাধপ্রবণতা নিয়ে তিনি বলেন, কিশোর গ্যাং বা উঠতি বয়সের ছেলেরা কোনো অপরাধে জড়িয়ে পড়লে তাদের থানায় এনে অভিভাবকদের ডাকতে হবে। প্রয়োজনে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিয়ে সংশোধন হওয়ার সুযোগ দিতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। তিনি উল্লেখ করেন, অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক দায়বদ্ধতার বিষয়টি শুধু পুলিশের একার নয়, এখানে সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
পুলিশের ওপর বর্তমান সরকারের নির্দেশনার কথা উল্লেখ করে ডিআইজি বলেন, অপরাধমুক্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ যা যা করা প্রয়োজন, তা-ই করবে। দল-মত নির্বিশেষে সবার সঙ্গে সমান আচরণ করা হবে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বাধা বা বিধিনিষেধ নেই। সমাজের কল্যাণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সম্পূর্ণ পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
জেলা পুলিশ আয়োজিত এ মতবিনিময় সভায় মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জামিনুর রহমান খান উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্ত, মেহেরপুর প্রতিদিন-এর সম্পাদক ও কালের কণ্ঠ-এর জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন, আরটিভি-র জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক, সিনিয়র সাংবাদিক রফিকুল আলম, আমিরুল ইসলাম অল্ডাম, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন এবং কালবেলা-র জেলা প্রতিনিধি খান মাহমুদ আল রাফি।







