জাতীয়
মেহেরপুর সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে গেল বিএসএফ, দুই ভারতীয় আটক

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে নোম্যান্সল্যান্ড এলাকায় কাজ করার সময় আব্দুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর জবাবে সীমান্ত এলাকায় কাজ করা দুই ভারতীয় নাগরিককে ধরে এনে বিজিবির কাছে সোপর্দ করেছেন স্থানীয় গ্রামবাসী।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার ইছাখালী সীমান্তে এ ঘটনা ঘটে। আটক আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নুর বক্সের ছেলে।
আব্দুল মান্নানের নাতি ইব্রাহিম জানান, সকাল ৮টার দিকে বাড়ির পাশে মরিচক্ষেতে কীটনাশক দিতে যান তার দাদা। এ সময় ১২৪/৪-এস সীমান্ত পিলার এলাকার কাছ থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
বৃদ্ধ মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। কিছুক্ষণ পর ১২৩/৩-এস সীমান্ত পিলার এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে ধরে আনেন তারা। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ওই কৃষক সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন ভারতীয় অংশে কাজ করছিলেন। এ সময় বিএসএফ তাকে আটক করে। এর জেরে স্থানীয়রা সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে তুলে দেন।
ঘটনার পর সীমান্তে কিছুটা উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আটক ব্যক্তিদের ফেরত পাঠাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, “বিষয়টি বড় কোনো ঘটনা নয়। সীমান্তরেখা অতিক্রম করে ভারতীয় জমিতে কাজ করায় বিএসএফ একজনকে নিয়ে যায়। পরে বাংলাদেশের সীমান্তবাসী দুজনকে ধরে আনে। খুব দ্রুতই পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া শেষ হবে।”







