ক্যাম্পাস
মাদক ও জুয়ার প্রতিবাদ করায় রাবির সাবেক শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী, লালমনিরহাট সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর এবং লালমনিরহাট জেলা সমিতি, রাবির সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিলীপ কুমার বলেন, “ইতোমধ্যে আপনারা অবগত হয়েছেন, বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমে না এলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ মানুষের নজরে এসেছে যে, আমাদের বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বিসিএস নন-ক্যাডার থেকে লালমনিরহাট সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজে ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আরিফুল ইসলাম মাদকের প্রতিবাদ করায় নৃশংস হামলার শিকার হয়েছেন। এতে আমরা লজ্জিত। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিজ নিজ জায়গা থেকে তাকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
লালমনিরহাট জেলা সমিতি, রাবির সাধারণ সম্পাদক রাকিব সরকার বলেন, “আমি লালমনিরহাট জেলা প্রশাসনকে বলতে চাই, ১০ দিন ধরে আমার ভাইয়ের জ্ঞান না ফিরলেও আসামিদের আটজনের মধ্যে এখনো একজনকেও গ্রেপ্তার করা হয়নি। এই ৭৫৩ একর ক্যাম্পাস থেকে বলতে চাই, আমাদের জেলা প্রশাসন জানে ২৪-এর পরবর্তী সময়ে কী হয়েছে। আমরা যদি শুরু করি, তাহলে অন্যায় থেকে শুরু করে প্রশাসনের টুঁটি চেপে সব অপরাধীকে ধরে আনতে পারব।”
তিনি আরও বলেন, “আমি আমার জেলার সম্মানিত মন্ত্রী মহোদয়কে বলেছি, আপনি যেমন আমাদের জেলার মন্ত্রী, তেমনি আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। আপনার এলাকায় যখন আপনার ছোট ভাই ১০ দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকে, তখন আপনার কিছু করার থাকে না—এটা কষ্টের। আপনার কাছে আমাদের অনুরোধ, যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনবেন।”
উল্লেখ্য, মানববন্ধনে মনোবিজ্ঞান এবং ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ লালমনিরহাট জেলা সমিতি, রাবির সদস্যরা উপস্থিত ছিলেন।







