ক্যাম্পাস
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে ন্যস্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে মানববন্ধনে মিলিত হয়।
এসময় মানবাধিকার সংগঠন সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক ইবি শাখার সভাপতি আব্দুল্লাহ আল রাহাতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট, ছাত্রশিবিরের সেক্রেটারি রাশিদুল ইসলাম রাফি, ছাত্র শক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান, শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সভাপতি এস এম শামীম ও ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সজিব হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার,’ ‘কমিটি না মেধা, মেধা মেধা’, ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’, ‘জেগেছে রে জেগেছে, ইবিয়ানরা জেগেছে’, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ ও ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক নিয়োগের ক্ষমতা কমিটির হাতে দেওয়া হলে মেধার চরম অবমূল্যায়ন হবে। এর মাধ্যমে কর্মক্ষেত্রে ঘুস ও জালিয়াতির সুযোগ বৃদ্ধি পাবে। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ'র হাতে দিতে হবে। অন্যথায়, শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এনটিআরসিএ কে আরও কার্যকারী ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলতে হবে। দেশে বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন ধরনের সংকট আছে। কিন্তু সরকারের এসব নিয়ে মাথাব্যথা নেই। বর্তমান সরকারি যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে তাদের ভুলের মাশুল দিতে হবে।







