ক্যাম্পাস

'বাকশাল’ নামে গরু জবাই করে রাকসু জিএস আম্মারের ‘জুলাই জিয়াফত’

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

'বাকশাল’ নামে গরু জবাই করে রাকসু জিএস আম্মারের ‘জুলাই জিয়াফত’- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামে একটি গরু জবাই করে 'জুলাই জিয়াফত' নামে গনভোজের আয়োজন করা হয়েছে।


শনিবার (১৫ আগষ্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ ভোজের আয়োজন করা হয়।


জানা গেছে, 'জুলাই জিয়াফত’ আয়োজনে অংশ নিতে শিক্ষার্থীদের কাছ থেকে নিবন্ধন ফি হিসেবে ১৫ টাকা নেওয়া (গুগল ফরমে আবেদনের ভিত্তিতে) হয়েছে। ৭৫০ জন শিক্ষার্থী এ আয়োজনে অংশ নিয়েছেন। ৬৫০ জনের জন্য গরু ভোজ ও বাকিদের জন্য অন্য খাবার রাখা হয়েছে।


এর আগে গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে ভিডিও বার্তায় ভোজের ঘোষণা দিয়ে সালাহউদ্দিন আম্মার বলেন, "১৫ আগস্ট আপনাদের সবাইকে নিয়ে আমাদের যে প্রাণপ্রিয় গরুটা আনতে পারছি, তার নাম দেওয়া হয়েছে বাকশাল। এই বাকশালটাকে আমরা কোরবানি করে উদ্‌যাপন করব। এটাকে জুলাই জিয়াফতও বলতে পারেন, জুলাইয়ের আপ্যায়ন। আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকবে।"


পরে শুক্রবার গভীর রাতে গরু জবাইয়ের পর একটি পোস্টে সালাহউদ্দিন আম্মার লেখেন, "১৫ আগস্ট রাতেই বাকশালরে শুয়াইয়া দিলাম। আমি মেজর সালাহউদ্দিন আম্মার বলছি।"


ভোজে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ বলেন, "১৫ আগষ্ট উপলক্ষে আজ এই ভোজের আয়োজন করা হয়েছে। ১৫ টাকা দিয়ে গুগল ফর্ম পূরণ করে ভোজে অংশ নিয়েছি।"


কর্মসূচী সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আম্মার বলেন, "শুরুতে রাকসুর পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছিল। তবে রাকসুর সব সদস্য এতে একমত হননি। পরে আমাদের এক ভাই এটি উপহার দিয়েছেন। এখানে রাকসু জড়িত নয়।"


গরুর নাম বাকশাল রাখা নিয়ে আম্মার আরও বলেন, "আজ বাকশাল পতনের ঐতিহাসিক দিন এবং জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি। সে জন্য গরুর নাম বাকশাল রাখা হয়েছে।"


সম্পর্কিত খবর