ক্যাম্পাস

গতানুগতিক শিক্ষা নয়, প্রয়োজন বহুমাত্রিক দক্ষতা: যুক্তরাষ্ট্রে পিএইচডিরত যবিপ্রবির ববি

ডেস্ক

শেয়ারঃ

গতানুগতিক শিক্ষা নয়, প্রয়োজন বহুমাত্রিক দক্ষতা: যুক্তরাষ্ট্রে পিএইচডিরত যবিপ্রবির ববি- খবরের থাম্বনেইল ফটো

উচ্চশিক্ষার স্বপ্ন অনেকেই দেখেন, তবে তা বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক প্রস্তুতি, অধ্যবসায় এবং প্রচলিত চিন্তার গণ্ডি পেরিয়ে নিজেকে নতুনভাবে গড়ার মানসিকতা। সেই পথ ধরেই সাফল্য অর্জন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ফারজানা আক্তার ববি।


একাধিক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ অর্থায়নে পিএইচডির প্রস্তাব পাওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছেন। বর্তমানে তিনি দেশটির স্বনামধন্য ‘ইউনিভার্সিটি অব কানেকটিকাট’-এ ‘এক্সারসাইজ সাইন্স অ্যান্ড কিনসিওলজি’ বিষয়ে পিএইচডি করছেন।


বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির অংশ হিসেবে শুরু থেকেই একাডেমিক ও ভাষাগত দক্ষতা অর্জনে বিশেষ গুরুত্ব দেন ববি। তাঁর প্রাপ্ত স্কোরের মধ্যে রয়েছে—আইইএলটিএস-এ ৭.৫, টোফেল-এ ১০০ এবং জিআরই-তে ভার্বাল ১৬১, কোয়ান্টিটেটিভ ১৬৭ ও অ্যানালিটিক্যাল রাইটিং ৩.৫।


দূরদর্শী প্রস্তুতি ও পরিশ্রমের ধারাবাহিকতায় তিনি যুক্তরাষ্ট্রের তিনটি এবং নিউজিল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়সহ মোট চারটি প্রতিষ্ঠানে সম্পূর্ণ অর্থায়নে পিএইচডির সুযোগ পান। এর মধ্যে নিউজিল্যান্ডের ‘ইউনিভার্সিটি অব ওটাগো’-র ‘স্কুল অব ফিজিক্যাল এডুকেশন, স্পোর্ট অ্যান্ড এক্সারসাইজ সায়েন্সেস’ অন্যতম।


নিজের এই অর্জনের পেছনের দিনগুলোর কথা স্মরণ করে ফারজানা আক্তার ববি বলেন, “মাস্টার্স শেষ করে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে যোগ দিই। কর্মজীবনের পাশাপাশি বিদেশে পিএইচডি করার লক্ষ্য নিয়ে গবেষণা ও ভাষাগত দক্ষতা বাড়াতে কাজ করতে থাকি। শিক্ষাজীবনেও আমি শিক্ষকদের দেওয়া শিটের বাইরে আলাদা বই পড়ে জ্ঞানের পরিধি বাড়াতে চেষ্টা করেছি। হয়তো সেই অতিরিক্ত পরিশ্রম ও কষ্টের ফলই আজকের এই সাফল্য।”


ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানান, প্রথম লক্ষ্য পিএইচডি সফলভাবে শেষ করা। এরপর দেশে ফিরলে প্রিয় কর্মস্থল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেই পুনরায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। ববি বলেন, “এই বিশ্ববিদ্যালয়টির প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমার গবেষণা, শিক্ষকতা এবং ব্যক্তিগত ক্রিকেট খেলার প্রতি তাদের সমর্থন ও সহযোগিতা সবসময় ছিল।”


বিশ্ববিদ্যালয়ের অনুজদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে ববি বলেন, “শুধু ক্লাসের লেকচার বা শিটের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না, জ্ঞানার্জনের পরিধি বাড়াতে হবে। জীবনে নির্দিষ্ট লক্ষ্য থাকা যেমন জরুরি, তেমনি বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো অনিশ্চয়তার মুখোমুখি হতে বিকল্প পরিকল্পনা রাখাও সমান গুরুত্বপূর্ণ।”


তিনি আরও যোগ করেন, “বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কেবল ভালো সিজিপিএ যথেষ্ট নয়। পাঠ্যক্রমবহির্ভূত কর্মকাণ্ড, গবেষণা, নেটওয়ার্কিং এবং ইংরেজি ভাষার দক্ষতার দিকে বিশেষ নজর দিতে হবে। এসব ক্ষেত্রে নিজেকে উপযুক্ত করে তুলতে পারলে সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ পাওয়া অনেক সহজ হয়ে যায়।”


সম্পর্কিত খবর