ক্যাম্পাস

সিকৃবিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সিকৃবি প্রতিনিধি

শেয়ারঃ

সিকৃবিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত- খবরের থাম্বনেইল ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, উচ্চশিক্ষা, ক্যারিয়ার ও ভবিষ্যৎ কর্মসংস্থান বিষয়ে দিকনির্দেশনা দিতে ‘উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় ছাত্র সমিতি এ সেমিনারের আয়োজন করে।


সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ভবনের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রতিপাদ্য ছিল “একাডেমিক সাকসেস, হাইয়ার স্টাডিস এন্ড ক্যারিয়ার প্যাথওয়েস ফর এইবিএস স্টুডেন্টস”


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহ জাহান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো. সাইমুন ইসলাম কবির।এ সময় কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় ছাত্র সমিতির সহ-সভাপতি তাহসিন আহমেদ সিফাতসহ অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্র সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সেমিনারে উচ্চশিক্ষার সুযোগ ও অ্যাসাইনমেন্ট লেখার কৌশল, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষায় ক্যারিয়ার সম্ভাবনা এবং একাডেমিক গাইডলাইন বিষয়ে পৃথক তিনটি সেশন অনুষ্ঠিত হয়। সেশনগুলো পরিচালনা করেন কৃষি বিপণন ও ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান স্বরূপ বড়ুয়া, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং কৃষি অর্থায়ন ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. শাহ আলমগীর।


কৃষি বিপণন ও ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান স্বরূপ বড়ুয়া বলেন, "পরিকল্পনা ছাড়া অ্যাসাইনমেন্ট করা, AI-এর ওপর অন্ধভাবে নির্ভর করা ও কপি-পেস্টের প্রবণতা শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা বাধাগ্রস্ত করে। ভালো ফলাফলের জন্য প্রয়োজন বিষয়বস্তুর জ্ঞান, পরিকল্পনা, বিশ্লেষণ, প্রমাণ ও অ্যাকাডেমিক সততা। তিনি শিক্ষার্থীদের প্রথম বর্ষে মূল ভিত্তি মজবুত ও ইংরেজি দক্ষতা উন্নয়ন, দ্বিতীয় বর্ষে সফটওয়্যার ও গবেষণায় অংশগ্রহণ এবং তৃতীয়-চতুর্থ বর্ষে থিসিস ও সেমিনারে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। স্নাতকের পর অ্যাসিস্ট্যান্টশিপ ও পিএইচডির প্রস্তুতিও আগেভাগে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সফল একাডেমিক ভবিষ্যতের জন্য আজ থেকেই পরিকল্পনা করে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে হবে।"


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. শাহ জাহান মজুমদার বলেন, "কৃষি অর্থনীতির শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে সঠিক দিকনির্দেশনা দেওয়াই এ সেমিনারের মূল উদ্দেশ্য। কৃষি অর্থনীতি খাদ্য নিরাপত্তা, সম্পদের সুষম বণ্টন ও দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশ-বিদেশে এ বিষয়ের গ্র্যাজুয়েটদের কর্মক্ষেত্রের সুযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিশেষ ক্যাডারেও কৃষি অর্থনীতির গ্র্যাজুয়েটদের সুযোগ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা, অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ এবং অভিজ্ঞদের পরামর্শ অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করে এখন থেকেই নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন।"


বিশেষ অতিথির বক্তব্যে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহমেদ বলেন, "এ ধরনের ক্যারিয়ারভিত্তিক সেমিনার নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু ভালো সিজিপিএ অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের কমিউনিকেশন, অ্যানালিটিক্যাল ও লিডারশিপ স্কিলও গড়ে তুলতে হবে। উচ্চশিক্ষা, গবেষণা ও কর্মক্ষেত্রে কৃষি অর্থনীতির শিক্ষার্থীদের জন্য ব্যাপক সুযোগ রয়েছে। এসব সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক ধারণা দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।"


সেমিনারে বক্তারা উচ্চশিক্ষার প্রস্তুতি, একাডেমিক দক্ষতা, গবেষণা, ক্যারিয়ার পরিকল্পনা ও উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


আয়োজকরা জানান, এ সেমিনারের মাধ্যমে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, একাডেমিক দক্ষতা ও কর্মজীবন সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে কার্যকর দিকনির্দেশনা পেয়েছেন। সেমিনারে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক-শিক্ষার্থী এবং অনুষদীয় ছাত্র সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর