ক্যাম্পাস
রাবি শিক্ষার্থীর আত্ম/হ/ত্যার চেষ্টা: আইসিইউতে ভর্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগের এক শিক্ষার্থী প্রকাশ্যে বিষাক্ত পদার্থ পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষার্থীকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের আইসিইউর ইমার্জেন্সি ইউনিটে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, বিষাক্ত পদার্থ পান করায় তার শ্বাসনালিতে গুরুতর ক্ষতি হয়েছে।
সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই শিক্ষার্থীর এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল । সম্প্রতি ওই তরুণীর সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে এবং তিনি শিক্ষার্থীকে এড়িয়ে চলছিলেন বলে সহপাঠীদের দাবি। এর জেরে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তারা। তবে আত্মহত্যার চেষ্টার প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।
সহপাঠীরা আরও জানান, প্রায় এক মাস আগেও ওই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তখন তারা তাকে বুঝিয়ে বাসায় পাঠিয়েছিলেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম বলেন, শিক্ষার্থীকে বাঁচাতে রামেক হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিশেষ চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে।







