ক্যাম্পাস
ইবিতে ফ্রি হেলথ ক্যাম্প ও ব্লাড ডোনেশন প্রোগ্রাম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফ্রি হেলথ ক্যাম্প ও ব্লাড ডোনেশন প্রোগ্রামের আয়োজন করেছে কুষ্টিয়া মেডিকেল কলেজের স্বাস্থ্যসেবা বিষয়ক সেচ্ছাসেবী সংগঠন ‘মেডিসিন ক্লাব’। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচ তলায় এটি অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও চীফ মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনটির আহ্বায়ক ফাহিম শাহরিয়ার, সদস্য-সচিব সৌমিত সাহা, সদস্য সানিম সাদমান শিমুল, তাসনীম ফেরদৌসী, জান্নাতুল ফেরদৌসসহ কুষ্টিয়া মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যসেবা পোগ্রামে ডার্মাটোলজি, মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান, ফ্রি ব্লাড গ্রুপিং, ব্লাড প্রেসার পরিমাপ, ব্লাড সুগার পরীক্ষা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ফ্রি ওষুধ প্রদান করা হয়। এতে সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন রক্তিমা, তারুণ্য ও গ্রীন ভয়েসের সদস্যরা।
সংগঠনটির আহ্বায়ক ফাহিম শাহরিয়ার বলেন, "মেডিসিন ক্লাব মূলত ব্লাড ডোনেশন নিয়ে কাজ করে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু হওয়ার পর থেকে রক্তের চাহিদা প্রচুর বেড়ে যায়। এক্ষেত্রে আমাদের প্রত্যাশা থাকবে আপনারা আমাদের সহায়তা করবেন। আমাদের মেডিসিন ক্লাবের রুমে গিয়েও আপনারা ব্লাড ডোনেট করতে পারবেন।"
এসময় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, "মেডিসিন ক্লাবের ফ্রি হেলথ ক্যাম্প অ্যান্ড ব্লাড ডোনেশন প্রোগ্রামের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আশা করি, সংগঠনটির কাজের ধারাবাহিকতা বজায় থাকবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে কুষ্টিয়া মেডিকেল কলেজের এক অকৃত্রিম সম্পর্ক তৈরি হবে।"
তিনি আরও বলেন, "শিক্ষার্থীদের নিয়ে আমরা একটা টিম গঠন করবো। যাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজের পক্ষে থেকে আইডেন্টিটি কার্ড প্রদান করা হবে। এর মাধ্যমে চিকিৎসা সেবার একটি নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করছি।"








