ক্যাম্পাস
নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবি ইবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগের বিভাগীয় সভাপতি হিসেবে নিজ বিভাগের যোগ্য শিক্ষককে নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর আড়াইটায় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের নিকট এ স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা দাবি করেন, বিভাগে যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও অন্য বিভাগের শিক্ষককে বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে তারা নিজ বিভাগের যোগ্য শিক্ষককে সভাপতি হিসেবে নিয়োগের দাবিতে আন্দোলন ও কর্মসূচি পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিমালা অনুযায়ী যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিজ বিভাগ থেকেই বিভাগীয় সভাপতি নিয়োগের প্রত্যাশা তাদের। শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মতিনুর রহমান বলেন, বিষয়টি তদন্তাধীন থাকায় সাময়িকভাবে ডিনকে দায়িত্ব দেওয়া হয়েছে ।
স্মারকলিপিতে আরো বলা হয়, উপাচার্য আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিভাগ থেকেই পরবর্তী বিভাগীয় সভাপতি নিয়োগের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত এবং ঘোষিত ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচিও স্থগিত করেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা দ্রুত তদন্ত কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ এবং মার্কেটিং বিভাগ থেকেই যোগ্য শিক্ষককে বিভাগীয় সভাপতি হিসেবে নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, "শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে। আজকে সময় স্বল্পতার কারণে উপাচার্যকে দিতে পারিনি। আগামী শনিবার উপাচার্যকে স্মারকলিপি দিব। আশা করছি ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে বিষয়টির সমাধান করা হবে।"
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বিভাগ ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে প্রক্টরিয়াল বডির আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।








