ক্যাম্পাস
নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের মধ্যস্থতায় ছাত্রদল-শিবিরের সমঝোতা

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষ ও বিরোধের অবসান ঘটেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ শহরে বিএনপি ও জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে আয়োজিত এক যৌথ বৈঠকে দুই ছাত্র সংগঠনের মধ্যে এই সমঝোতা সম্পন্ন হয়।
বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, গত ৫ আগস্ট তোলারাম কলেজ ছাত্রাবাসে হামলা, ভাঙচুর ও মালামাল নেওয়ার ঘটনায় ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা দুটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোনের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে বিএনপি নেতারা সম্মতি প্রকাশ করেছেন।
আলোচনা শেষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজীজুল ইসলাম রাজীব এবং মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত পরস্পরকে কোলাকুলি করে বিরোধের সমাপ্তি ঘোষণা করেন।
উক্ত মধ্যস্থতা বৈঠকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, "গত ৫ আগস্ট যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা ভবিষ্যতে আর তার পুনরাবৃত্তি দেখতে চাই না। নিজেদের মধ্যে কোনো রক্তপাত আমাদের কাম্য নয়। আমরা আশা করি আগামীতে ছাত্রদল ও ছাত্রশিবির শিক্ষার পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে একযোগে কাজ করবে।"
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার বলেন, "৫ আগস্টের সংঘর্ষে বেশ কয়েকজন ছাত্র আহত হওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আজকের এই আলোচনার মাধ্যমে নারায়ণগঞ্জকে স্থিতিশীল রাখা এবং ঐতিহ্যবাহী তোলারাম কলেজে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার বিষয়ে আমরা ঐক্যমত পোষণ করেছি। আশা করি আগামীতে উভয় সংগঠন কলেজে তাদের স্বাভাবিক রাজনৈতিক অধিকার চর্চা করবে।"
উল্লেখ্য, গত ৫ আগস্ট নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে ছাত্রাবাসে হামলা, ভাঙচুর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছিল








