জাতীয়

যবিপ্রবিতে পিইএসএস বিভাগের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

যবিপ্রবিতে পিইএসএস বিভাগের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত- খবরের থাম্বনেইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, বিদেশে উচ্চশিক্ষার সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফ হোসেন গ্যালারিতে পিইএসএস ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় শিক্ষাজীবনের সঙ্গে পরিচিত করার পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, প্রস্তুতির কৌশল, স্কলারশিপ, গবেষণা, প্রয়োজনীয় দক্ষতা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ও উচ্চশিক্ষার প্রস্তুতি সম্পর্কে নবীনদের দিকনির্দেশনা দেন।


অনুষ্ঠানে চীন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী পিইএসএস বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী আজাদুল ইসলাম সুমন বলেন, “বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে শুধু ভালো সিজিপিএ অর্জন করাই যথেষ্ট নয়; গবেষণামূলক কাজ, যোগাযোগ দক্ষতা ও নিজের আগ্রহের ক্ষেত্র সম্পর্কে স্পষ্ট ধারণা একজন শিক্ষার্থীকে অন্যদের থেকে এগিয়ে রাখে। পূর্ণ অর্থায়নে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সম্ভাবনা ও সুযোগ-সুবিধা এবং স্কলারশিপ পাওয়ার প্রস্তুতি সম্পর্কে তিনি শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষাজীবন ও ক্যারিয়ারের পথে নানা বাধা ও প্রতিকূলতা এলেও হতাশ না হয়ে নির্দিষ্ট লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।”


এছাড়াও অনুষ্ঠানের প্রধান অতিথি, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ও পিইএসএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নাসিম রেজা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে তোমাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। এই সময়ে সঠিক বন্ধু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ভালো বন্ধু যেমন তোমাদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তেমনি ভুল সঙ্গ তোমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে। তাই সবসময় সচেতন থাকতে হবে এবং কোনোভাবেই বিপথগামী হওয়া যাবে না।”


তিনি আরও বলেন, “তোমাদের বাবা-মা অনেক আশা ও স্বপ্ন নিয়ে তোমাদের বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন। সেই প্রত্যাশা পূরণে তোমাদের মনোযোগী হতে হবে। পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা ও মূল্যবোধ গড়ে তুলতে হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমি আশা করি, তোমরা বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য ও সফল মানুষ হিসেবে গড়ে তুলবে এবং একদিন বাবা-মা ও বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের কারণ হবে।”

এছাড়াও তিনি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে বিদেশে উচ্চশিক্ষার সুযোগপ্রাপ্ত পিইএসএস বিভাগের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পিইএসএস বিভাগের শিক্ষার্থী শ্রেয়া ভৌমিক ও ইয়াসিন আরাফাত।


সম্পর্কিত খবর