জাতীয়

মুসলিম জাতিসত্তা ও মওলানা আকরম খাঁ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

শেয়ারঃ

মুসলিম জাতিসত্তা ও মওলানা আকরম খাঁ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত- খবরের থাম্বনেইল ফটো

বাঙালি মুসলিম সমাজের জাগরণ, সাহিত্য, সাংবাদিকতা ও রাজনীতির অন্যতম পথিকৃৎ মওলানা মোহাম্মদ আকরম খাঁর অবদান স্মরণে রাজধানী ঢাকায় একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


গতকাল শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে তিনটায় বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে ‘মুসলিম জাতিসত্তা ও মওলানা আকরম খাঁ’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে ‘কাঠপেন্সিল সাহিত্য সংসদ’।


সেমিনারে বক্তারা বলেন, উনবিংশ শতাব্দীর শেষভাগ ও বিংশ শতাব্দীর প্রথমার্ধে অবহেলিত ও পশ্চাৎপদ বাঙালি মুসলিম সমাজকে আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং স্বাধিকার চেতনায় জাগ্রত করতে মওলানা আকরম খাঁ আজীবন কাজ করে গেছেন। শিল্প ও সংস্কৃতির প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত ভারসাম্যপূর্ণ ও কল্যাণমুখী। একদিকে তিনি যেমন অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, অন্যদিকে ধর্মের নামে সংস্কৃতির ওপর অন্যায় নিষেধাজ্ঞার বিরুদ্ধেও শক্ত অবস্থান নেন। তাঁর এই উদার মনস্তত্ত্বই মূলত বাঙালি মুসলিমদেরকে আধুনিক সাহিত্য, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চায় এগিয়ে আসার সাহস জুগিয়েছিল।


অনুষ্ঠানে লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব কবি জয়নুল আবেদীন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত সাহিত্যিক ও বুদ্ধিজীবী আবুল আসাদ।


বক্তব্যে ক্ষোভ ও অনুশোচনা প্রকাশ করে তিনি বলেন, "মওলানা আকরম খাঁকে আমাদের যতটুকু আলোচনায় রাখা দরকার ছিল, আমরা তা রাখিনি। একজন আলেম হয়েও তাঁর সাহিত্যে যে মার্জিত শব্দচয়ন ছিল, তা সত্যিই দুর্লভ।"


আলেম সমাজের সমালোচনা করে তিনি আরও বলেন, "আমাদের আলেম সমাজ কিছু মতের ভিন্নতার কারণে তাঁর ভালো কাজগুলোকেও স্মরণ করেন না।"


সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন। প্রবন্ধের ওপর আলোচনা করেন লেখক ও গবেষক এমদাদুল হক চৌধুরী এবং তরুণ চিন্তক ফয়সাল আহমেদ। বক্তারা আগামী দিনের বুদ্ধিবৃত্তিক সংকট মোকাবেলায় তরুণ প্রজন্মের সামনে মওলানা আকরম খাঁর চিন্তা-চেতনা ও দর্শন তুলে ধরার ওপর জোর দেন।


কাঠপেন্সিল সাহিত্য সংসদের সভাপতি সীমান্ত আকরামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহাদৎ সরকার। সেমিনারে কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী এম সাব্বির আহমেদ ও তানভীর রহমান। সবশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সেক্রেটারি কবি ইয়াসিন মাহমুদ।


সম্পর্কিত খবর