ক্যাম্পাস

মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে রুয়েট শিক্ষার্থীর বাবার কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ

রুয়েট প্রতিনিধি

শেয়ারঃ

মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে রুয়েট শিক্ষার্থীর বাবার কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর বাবাকে ফোন করে তাঁর ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারকেরা ফোনে শিক্ষার্থীর কণ্ঠসদৃশ কান্নার শব্দ শুনিয়ে বাবাকে আতঙ্কিত করে ২৫ হাজার টাকা দাবি করে। পরিস্থিতি বেগতিক দেখে বাধ্য হয়ে তিনি ৯ হাজার টাকা পাঠান বলে ভুক্তভোগী শিক্ষার্থী নিশ্চিত করেছেন।


ভুক্তভোগী শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, সম্প্রতি প্রতারক চক্রটি তাঁর বাবার মুঠোফোনে কল দিয়ে দাবি করে যে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তাঁর ছেলে তাদের কবজায় রয়েছে এবং তাকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে। তাৎক্ষণিকভাবে টাকা না পাঠালে ছেলের বড় ধরনের ক্ষতি করা হবে বলেও হুমকি দেওয়া হয়। বাবাকে পুরোপুরি বিশ্বাস করাতে ফোনের অপর প্রান্ত থেকে ‘বাবা, আমাকে ফাঁসিয়ে দিয়েছে’ বলে ওই শিক্ষার্থীর মতো কান্নার শব্দ শোনানো হয়। এতে তাঁর বাবা গভীরভাবে আতঙ্কিত হয়ে পড়েন।


প্রতারকেরা বাবাকে অন্য কারও সঙ্গে যোগাযোগের সুযোগ না দিয়ে এবং কল না কেটে চালু থাকা অবস্থাতেই দ্রুত টাকা পাঠাতে মানসিক চাপ দিতে থাকে। একপর্যায়ে বাধ্য হয়ে তিনি প্রতারকদের দেওয়া নম্বরে ৯ হাজার টাকা পাঠান। পরে পরিবারের সদস্যরা ওই শিক্ষার্থীর সঙ্গে সরাসরি যোগাযোগ করলে আসল সত্য সামনে আসে এবং জানা যায়, তাঁকে আটক করা বা মাদক মামলায় ফাঁসানোর মতো কোনো ঘটনাই ঘটেনি।


ঘটনার পর শিক্ষার্থীর পরিবার থানায় যোগাযোগ করে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া শুরু করেছে। তবে হঠাৎ এমন ঘটনায় পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে যেকোনো জরুরি পরিস্থিতির কথা বলে টাকা দাবি করা হলে আতঙ্কিত না হয়ে আগে সরাসরি সন্তানের সঙ্গে যোগাযোগ করা, তথ্য যাচাই করা এবং প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে ওই শিক্ষার্থী ও তাঁর পরিবারের পরিচয় প্রকাশ করা হয়নি।


সম্পর্কিত খবর