জাতীয়

প্রতিবন্ধী নারীকে ধর্ষণ: যাবজ্জীবন সাজা শুনে জ্ঞান হারালেন আওয়ামী লীগ নেতা

মেহেরপুর প্রতিনিধি

শেয়ারঃ

প্রতিবন্ধী নারীকে ধর্ষণ: যাবজ্জীবন সাজা শুনে জ্ঞান হারালেন আওয়ামী লীগ নেতা- খবরের থাম্বনেইল ফটো

মেহেরপুরে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পিরোজপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মো. কলিম উদ্দিন ওরফে কালুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আলী মাসুদ শেখ এই রায় ঘোষণা করেন।


এদিকে সাজার রায় শুনে আদালত কক্ষ (এজলাস) থেকে নামার পরপরই জ্ঞান হারিয়ে ফেলেন আসামি কলিম উদ্দিন। পরে তাকে তাৎক্ষণিকভাবে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।


দণ্ডপ্রাপ্ত কলিম উদ্দিন মেহেরপুর জেলার পিরোজপুর এলাকার মৃত আব্দুল মন্ডলের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং পিরোজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার।


মামলার বিবরণী থেকে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত-২০০৩)-এর ৯(১) ধারায় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।


রায়ে বলা হয়, জরিমানার অর্থ ভুক্তভোগীর ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে এবং আসামির বর্তমান বা ভবিষ্যতের যেকোনো সম্পত্তি থেকে তা আদায় করা যাবে। এ ক্ষেত্রে ক্ষতিপূরণের দাবিটি অন্য যেকোনো দাবির চেয়ে অগ্রাধিকার পাবে। এছাড়া আইনের ১৬ ধারা অনুযায়ী আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য মেহেরপুরের ডেপুটি কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।


রায়ে আরও উল্লেখ করা হয়, আসামি চাইলে রায়ের ৬০ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন এবং তার পূর্বের হাজতবাস সাজার মেয়াদ থেকে বাদ যাবে।


মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান তুহিন রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ড দিয়েছেন।


সম্পর্কিত খবর