জাতীয়

মেহেরপুরে প্রেমিকাকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করল প্রেমিক!

মেহেরপুর প্রতিনিধি

শেয়ারঃ

মেহেরপুরে প্রেমিকাকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করল প্রেমিক!- খবরের থাম্বনেইল ফটো

মেহেরপুর শহরে গভীর রাতে বাড়িতে ঢুকে স্মৃতি আক্তার নামের এক তরুণীর ডান হাতের কব্জি কুপিয়ে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে সায়ন নামের এক যুবকের বিরুদ্ধে। এ সময় মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুনকেও কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় ওই যুবক।


মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত সেলিম হোসেন পেশায় একজন স্থানীয় ইলেকট্রনিক ব্যবসায়ী। অভিযুক্ত সায়ন মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মধ্যরাতে সায়ন গোপনে সেলিম হোসেনের বাড়িতে প্রবেশ করে। সরাসরি স্মৃতির কক্ষে গিয়ে সে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে ডান হাত কবজির ওপর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। মেয়ের আর্ত চিৎকার শুনে পাশের ঘর থেকে বাবা-মা ছুটে এলে অভিযুক্ত সায়ন তাদের ওপরও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করার পর সায়ন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


পরে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সায়নকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হামলার মূল কারণ এবং তাদের মধ্যে পূর্ব কোনো বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


এদিকে, এই বর্বর ও নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়লে মেহেরপুর শহর জুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


সম্পর্কিত খবর