ক্যাম্পাস

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ’: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত!

​খুকৃবি প্রতিনিধি

শেয়ারঃ

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ’: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত!- খবরের থাম্বনেইল ফটো

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি, জলাশয়ে পোনা অবমুক্তকরণ এবং টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।


মঙ্গলবার (২৫ আগস্ট) মৎস্য ও সমুদ্র বিজ্ঞান অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার।


বক্তব্যে উপাচার্য মৎস্যসম্পদ বৃদ্ধিতে প্রথাগত চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে আধুনিক ও গবেষণালব্ধ বিজ্ঞানের প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।


তিনি বলেন, "দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বাড়াতে কেবল জলাশয়ে পোনা অবমুক্ত করাই যথেষ্ট নয়। এই কার্যক্রমকে সত্যিকারের সফলতায় রূপ দিতে হলে বৈজ্ঞানিক মনিটরিং নিশ্চিত করতে হবে। জলাশয়ের পরিবেশ সংরক্ষণ, পানির গুণগত মান পরীক্ষণ, নির্দিষ্ট জলাশয়ের উপযোগী সঠিক প্রজাতি নির্বাচন এবং অবমুক্ত করা মাছের বৃদ্ধি ও টিকে থাকার হার নিয়মিত নজরদারিতে রাখা অত্যন্ত আবশ্যক।"


বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণার সুফল যেন সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছায় সে বিষয়ে জোর দিয়ে উপাচার্য আরও বলেন, "ল্যাবে অর্জিত গবেষণার ফলাফল দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দিয়ে মৎস্যচাষি, স্থানীয় জেলে ও নতুন উদ্যোক্তাদের কল্যাণে কাজে লাগাতে হবে।"


এ লক্ষ্য বাস্তবায়নে একাডেমিয়া বা বিশ্ববিদ্যালয়, মৎস্য অধিদপ্তর, মৎস্য গবেষণা প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে একটি শক্তিশালী ও সমন্বিত অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি।


অনুষদীয় ডিন প্রতিনিধি ড. মোঃ মেহেদী আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (লোনাপানি কেন্দ্র, পাইকগাছা) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আজহার আলী।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও খাত-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় বক্তারা দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং বিজ্ঞানভিত্তিক টেকসই মৎস্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সম্মিলিত পদক্ষেপের ওপর জোর দেন।


সম্পর্কিত খবর