ক্যাম্পাস
ক্যাম্পাস সুরক্ষা ও মানবসম্পদ উন্নয়নে পরিকল্পনা নিয়েছি- ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, "আমরা ক্যাম্পাস সুরক্ষা ও মানবসম্পদ উন্নয়নের পরিকল্পনা নিয়েছি। সাম্প্রতিক কিছু দুঃখজনক ঘটনার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলার বাস্তবায়ন ও ক্যাম্পাসের স্থিতিশীলতা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রশাসনিক স্বচ্ছতা, র্যাগিং ও যৌন হয়রানি প্রতিরোধ এবং শিক্ষার্থী কাউন্সেলিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। এই বিষয়টি বর্তমান সরকারও অনেক গুরুত্বের সাথে দেখছে।"
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপে অংশগ্রহণ শেষে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান।
উপাচার্য বলেন, "ইউজিসি’র কর্মপরিকল্পনায় গৃহীত ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন উদ্যোগটি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কর্মপরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। এর লক্ষ্য শিক্ষাকে সনদ নির্ভরতার বদলে ব্যাবহারিক ও কর্মমুখী করা, যাতে শিক্ষার্থীরা সহজে ইন্টার্নশিপ পায় এবং শিল্প প্রতিষ্ঠানগুলো সরাসরি বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য প্রার্থী বাছাই করতে পারে। এরই ধারাবাহিকতায় আগামী মাসের ১২ তারিখে একটি ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি কোলাবোরেশন প্রোগ্রাম আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়েছে।"
তিনি আরো বলেন, "শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে কারিকুলামে মৌলিক সংস্কার আনা হচ্ছে, যাতে শিক্ষা আরও বাস্তবভিত্তিক হয়। এর অংশ হিসেবে ক্যাম্পাসে একটি আধুনিক ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে; প্রাথমিকভাবে চাইনিজ ও জাপানিজ ভাষা শিক্ষা কোর্স দিয়ে যার কার্যক্রম শুরু হবে। এ ছাড়া সংখ্যার পাশাপাশি শিক্ষার গুণগত মান, সহশিক্ষা কার্যক্রম (সংস্কৃতি, ক্রীড়া, বিতর্ক), আন্তর্জাতিক একাডেমিক সংযোগ এবং শিক্ষক প্রশিক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে গবেষণায়—এ লক্ষ্যে ‘ইসলামিক ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন হাব’ নামে একটি কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যার প্রস্তাব শিগগিরই সরকারের কাছে পাঠানো হবে।"
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলীসহ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা উপস্থিত ছিলেন।







