জাতীয়

সমুদ্রে নিখোঁজের ৩৯ ঘণ্টা পর মিলল পর্যটকের মরদেহ

ডেস্ক

শেয়ারঃ

সমুদ্রে নিখোঁজের ৩৯ ঘণ্টা পর মিলল পর্যটকের মরদেহ- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে জেলার মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের সৈকত থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত বুধবার বেলা ২টার দিকে ওই এলাকা থেকে ৯ কিলোমিটার দূরে অবস্থিত সুগন্ধা সৈকত এলাকায় সাগরের পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।


নিহত পর্যটকের নাম ইব্রাহিম খান (২৩)। তিনি ঢাকার জেডকেপি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত বুধবার ইব্রাহিমের সঙ্গে মো. ইয়াসিন (২৫) নামের আরেক পর্যটক সাগরের পানিতে ডুবে যান। তবে ওই দিনই ইয়াসিনের লাশ উদ্ধার করেন লাইফগার্ডের সদস্যরা। ইয়াসিন ও ইব্রাহিম দু’জন সম্পর্কে চাচাতো ভাই।


পুলিশ ও লাইফগার্ডের কর্মীরা জানান, ইব্রাহিম, ইয়াসিনসহ ৫ জন সুগন্ধা সৈকতে গোসলে নেমেছিলেন। এ সময় বড় ঢেউয়ের আঘাতে ইব্রাহিম খান ও ইয়াসিন ভেসে যান। পরে সি-সেফ লাইফগার্ডের সদস্যরা তল্লাশি চালিয়ে মো. ইয়াসিন খানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কক্সবাজার সৈকতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়োজিত বিচ-কর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান বাসস’কে বলেন, নিখোঁজের পর থেকে ইব্রাহিমের সন্ধান করা হচ্ছিল।


শুক্রবার সকাল ৬টার দিকে জোয়ারের পানিতে ইব্রাহিমের লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে মহেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বাসস’কে বলেন, নিখোঁজ পর্যটক ইব্রাহিমের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশের ময়না তদন্ত করা হবে। এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সম্পর্কিত খবর