ক্যাম্পাস
রুয়েটে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৪ জানুয়ারি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৬–২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৪ জানুয়ারি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে তারিখটি এখনো চূড়ান্ত নয়।
শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভাপতি ও পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, “আগামী বছরের ১৪ জানুয়ারি রুয়েটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত নয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে পরে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষা সম্পূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) ভিত্তিতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং কোনো বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়নি।
গতবারের মতো এবারও একই দিনে রুয়েটের পাশাপাশি ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
অধ্যাপক কামরুজ্জামান জানান, ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে রুয়েটের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের যোগ্যতা, প্রক্রিয়া ও ফি পরবর্তী সময়ে নির্ধারণ করে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
তিনি বলেন, "সম্ভাব্য তারিখ সামনে রেখে ভর্তি পরীক্ষার প্রাথমিক প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। পরীক্ষার পদ্ধতি, আবেদনসংক্রান্ত তথ্য ও অন্যান্য নির্দেশনা যথাসময়ে জানানো হবে। শিক্ষার্থীদের রুয়েটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির প্রতি নজর রাখার পরামর্শ দেন তিনি।"







