ক্যাম্পাস

ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন

সিকৃবি প্রতিনিধি

শেয়ারঃ

ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন- খবরের থাম্বনেইল ফটো

ময়মনসিংহে দুই ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলা, মারধর ও চেম্বার ভাঙচুরের প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মানববন্ধন করেছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবীরা। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ভেটেরিনারি চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


৩০ আগস্ট (রোববার) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে ভেটেরিনারি ছাত্র সমিতি-সিকৃবি, বাংলাদেশ স্মল অ্যানিমেল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BASAVA) সিলেট বিভাগীয় চ্যাপ্টার ও সিলেট প্রাইভেট ভেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে ভেটেরিনারি এনিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাহবুব, প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তিলক চন্দ্র নাথ, সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রয়, মেডিসিন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মতিউর রহমান, গোলাপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জুনায়েদ কবির, ডা. সোহাগ তালুকদার, বাংলাদেশ স্মল অ্যানিমেল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন-সিলেট চ্যাপ্টার ও সিলেট প্রাইভেট ভেট অ্যাসোসিয়েশনের সদস্য, ভেটেরিনারি ছাত্র সমিতি-সিকৃবির সদস্যসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এর আগে, গত ২১ আগস্ট সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর জিলা স্কুলের পাশে অবস্থিত ‘ডক্টরস পেট কেয়ার’ ভেটেরিনারি চেম্বারে ডা. মো. আশিকুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি চেম্বারে ভাঙচুর চালায়। এর আগে ২০ আগস্ট কেওয়াটখালি বাজারে ডা. মো. আব্দুল হান্নানের ‘ভেট অ্যান্ড পেট কেয়ার ময়মনসিংহ’ চেম্বারেও একই ব্যক্তিরা হামলা চালান বলে অভিযোগ রয়েছে। ডা. আশিকুর রহমান ও ডা. আব্দুল হান্নান দুজনই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের সাবেক শিক্ষার্থী।


মানববন্ধনে বক্তারা বলেন, ভেটেরিনারি চিকিৎসকরা দেশের প্রাণিসম্পদ উন্নয়ন ও জনস্বাস্থ্যের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসছেন। কর্মক্ষেত্রে চিকিৎসকদের ওপর হামলার মতো ঘটনা তাদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতা তৈরি করছে। তাই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভেটেরিনারি চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।


ভেটেরিনারি এনিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাহবুব বলেন, "ময়মনসিংহে ভেটেরিনারি পেশাজীবীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে আজ আমরা মানববন্ধনে সমবেত হয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভেটেরিনারিয়ানরা দেশের প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে কাজ করে যাচ্ছেন। তাই তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। সারাদেশের ভেটেরিনারিয়ানরা আজ এ ঘটনার প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়েছেন। ভেটেরিনারিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।"


প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তিলক চন্দ্র নাথ বলেন, "ভেটেরিনারিয়ানদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিভিন্ন জায়গায় ভেটেরিনারিয়ান ও মানব চিকিৎসকদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এ ধরনের আতঙ্ক নিয়ে ভালোভাবে সেবা দেওয়া সম্ভব নয়। আমরা সেবামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। তাই যেকোনো মূল্যে কর্মক্ষেত্রে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ময়মনসিংহের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দায়ীদের শাস্তির আওতায় আনার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনের সব স্তরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।"


ভেটেরিনারি ছাত্র সমিতির সহ-সভাপতি মো. মাহফুজুর রহমান বলেন, "ময়মনসিংহের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভেটেরিনারিয়ানরা যাতে নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য পর্যাপ্ত আইন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ঘটনার সঠিক সমাধান না হলে ভবিষ্যতে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।"


সম্পর্কিত খবর