ক্যাম্পাস

সিকৃবির নতুন প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন

সিকৃবি প্রতিনিধি

শেয়ারঃ

সিকৃবির নতুন প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন- খবরের থাম্বনেইল ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।


এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আসাদ-উদ-দৌলা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুনকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।


দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন বলেন, "আমার প্রধান লক্ষ্য থাকবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা। প্রতিটি শিক্ষার্থী যেন নির্ভয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে এবং নিজেদের প্রয়োজন ও সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারে, সে পরিবেশ তৈরি করতে চাই। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের মাধ্যমে একটি সুন্দর ও ইতিবাচক বিশ্ববিদ্যালয় সমাজ গড়ে তুলতে চাই।"


তিনি আরও বলেন, "আমি সব শিক্ষার্থীকে সমানভাবে সম্মান ও গুরুত্ব দেব এবং কারও পরিচয়, মত বা ভিন্নতার ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করা হবে না। ক্যাম্পাসের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং নিজের দায়িত্ব যথাযথভাবে পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেব। এ দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।"


অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিএইউ) থেকে কৃষি প্রকৌশলে বিএসসি এবং ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারিতে এমএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাপানের কুমামতো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডভান্সড টেকনোলজিতে পিএইচডি এবং কিউশু বিশ্ববিদ্যালয় থেকে স্মার্ট অ্যাগ্রিকালচারে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।


বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ডিন কাউন্সিলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


সম্পর্কিত খবর