জাতীয়

অনির্দিষ্টকালের জন্য মেহেরপুরের কাঁচা বাজার বন্ধ ঘোষনা।

মেহেরপুর প্রতিনিধি

শেয়ারঃ

অনির্দিষ্টকালের জন্য মেহেরপুরের কাঁচা বাজার বন্ধ ঘোষনা। - খবরের থাম্বনেইল ফটো

নিয়মবহির্ভূতভাবে খাজনা আদায়ের প্রতিবাদে মেহেরপুর শহরের বড়বাজার তহবাজারে অনির্দিষ্টকালের জন্য কাঁচাবাজার বন্ধ কর্মসূচি শুরু করেছেন ব্যবসায়ীরা। সোমবার সকাল থেকে দোকানপাট বন্ধ রেখে সড়কের ওপর অবস্থান নিয়েছেন শত শত ব্যবসায়ী।


এর আগে গত শুক্রবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ব্যবসায়ীদের পক্ষ থেকে রবিবার পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে সরকার নির্ধারিত হারে খাজনা আদায় না হলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কাঁচাবাজার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।


ঘোষণা অনুযায়ী, সোমবার সকাল থেকেই তহবাজার এলাকার কাঁচাবাজারের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পরে তারা বাজারের সড়কের ওপর অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করেন।সোমবার সকালে তহবাজার এলাকায় গিয়ে দেখা যায়, কাঁচাবাজারের শত শত দোকানপাট বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা দোকান না খুলে সড়কের ওপর অবস্থান করছেন এবং নিয়মবহির্ভূত খাজনা আদায়ের প্রতিবাদ জানাচ্ছেন।


ব্যবসায়ীরা জানান, সরকার নির্ধারিত খাজনার পরিবর্তে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও কার্যকর সমাধান না হওয়ায় তারা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের এই কর্মসূচি শুরু করেছেন।


ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত হারে খাজনা আদায় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে।


সম্পর্কিত খবর