ক্যাম্পাস

ছিনতাইকারীদের কবলে পড়ে আইফোন হারালেন রাবি শিক্ষিকা

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

ছিনতাইকারীদের কবলে পড়ে আইফোন হারালেন রাবি শিক্ষিকা  - খবরের থাম্বনেইল ফটো

ছিনতাইকারীদের কবলে পড়ে আইফোন ও প্রয়োজনীয় ডেবিট-ক্রেডিট কার্ড হারিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) থিয়েটার বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী শুসমিন আফসানা।


রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় হাঁটতে বের হলে ছিনতাইকারীরা তার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় ব্যাগে থাকা আইফোনসহ গুরুত্বপূর্ণ ডেবিট ও ক্রেডিট কার্ডও নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পরপরই নগরীর চন্দ্রিমা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষিকা। চন্দ্রিমা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। একইসাথে ছিনতাইকারীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনাসহ পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনার বিস্তারিত তুলে ধরে ভুক্তভোগী শিক্ষিকা ড. কাজী শুসমিন আফসানা লেখেন,"আজ সন্ধ্যার পর হাঁটতে গিয়ে চন্দ্রিমা আবাসিকের ১ নম্বর রোডে আমার ব্যাগটি ছিনতাই হয়। ব্যাগে আইফোনসহ ডেবিট ও ক্রেডিট কার্ড ছিল। চন্দ্রিমা থানায় অভিযোগ জানিয়েছি; পুলিশ সদস্যরা যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন। দেখা যাক কী হয়।"


তিনি আরও উল্লেখ করেন, "আমার সবচেয়ে মজবুত ক্রসবেল্ট ব্যাগটি নিয়েই আমি বের হয়েছিলাম। এটি এভাবে হুট করে নিয়ে যাওয়া সহজ ছিল না। আমার মনে হয়, ছিনতাইকারীরা আগে থেকেই আমাকে অনুসরণ করছিল এবং পূর্বপ্রস্তুতি নিয়েই এ ঘটনা ঘটিয়েছে।"


আইফোনের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার পাশাপাশি পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদেরও সতর্ক করে তিনি আরও লেখেন, "আমার আইফোনটি সহজে আনলক করার কথা নয়। এরপরও যদি দুষ্কৃতকারীরা কোনোভাবে এটি ব্যবহার করে আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে কারও কাছে টাকা-পয়সা চায় কিংবা অনভিপ্রেত কোনো দাবি করে, তবে সবাই নিশ্চিত থাকবেন,ওটা আমি নই।"


এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষিকা ড. কাজি শুসমিন আফসানা বলেন, কাল সন্ধ্যায় হাটতে বের হলে আমি ছিনতাইয়ের শিকার হই। এসময় ছিনতাইকারীরা আমার আইফোন ও ক্রেডিট কার্ড নিয়ে যায়। এর পরপরই থানায় গিয়ে অভিযোগ করি। প্রশাসন তদন্তে নেমেছে। এছাড়াও আইফোনের সংযোগ আমার ল্যাপটপে থাকার কারণে ছিনতাইকারীরা আইফোনটি কোথায় নিয়ে যাচ্ছে তা দেখতে পাচ্ছি। রাতেই আমরা সেই লোকেশন ট্রাক করে পিছনে পিছনে গিয়েছিলাম, কিন্তু নির্জন অচেনা জায়গা হওয়ার কারণে বেশিদূর যাওয়া সম্ভব হয়নি। প্রশাসন তদন্ত অব্যাহত রেখেছেন।"


সম্পর্কিত খবর