ক্যাম্পাস
কুয়েটে ছাত্রদলের স্লোগান, রাজনীতিমুক্ত ক্যাম্পাসে হুইপের কঠোর বার্তা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আগমনকে ঘিরে ‘কুয়েট শাখা ছাত্রদল, জিন্দাবাদ’ স্লোগান দিয়েছেন একদল শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড না চালানোর বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কুয়েটের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ক্যাম্পাসে আসেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর গাড়ি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের সামনে পৌঁছালে একদল শিক্ষার্থী গাড়িটি ঘিরে স্লোগান দেন। তাদের ‘কুয়েট শাখা ছাত্রদল, জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা যায়।
এরপর দুপুরে কুয়েট অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্যে হুইপ রকিবুল ইসলাম বকুল ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
রকিবুল ইসলাম বকুল বলেন, "এটি একটি রাজনীতিমুক্ত ক্যাম্পাস। আমি চাই, এই রাজনীতিমুক্ত ক্যাম্পাস সম্পূর্ণভাবে কর্তৃপক্ষ বাস্তবায়ন করবেন। কোনোভাবেই এই ক্যাম্পাসে প্রকাশ্যে হোক, গুপ্ত অবস্থায় হোক, রাজনীতি করা যাবে না।"
তিনি বলেন,"দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা কুয়েটে পড়াশোনা করতে আসেন। তাঁদের অভিভাবকেরা সন্তানদের একটি নিরাপদ পরিবেশে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি জ্ঞান অর্জন ও ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগের প্রত্যাশা করেন। বিশ্ববিদ্যালয়ে সন্তান পাঠিয়ে কোনো অভিভাবকই যেন তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হন, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি।"
তবে ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার অর্থ শিক্ষার্থীদের রাজনীতি সম্পর্কে অজ্ঞ রাখা নয় বলেও মন্তব্য করেন হুইপ।
তিনি বলেন, "শিক্ষার্থীদের অবশ্যই রাজনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আধুনিক যুগে রাজনীতি ও রাজনৈতিক চিন্তাধারার সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিভিন্ন উপায় রয়েছে।"
তিনি আরও বলেন, "একজন শিক্ষার্থীর নিজস্ব রাজনৈতিক চিন্তা, মতামত বা আদর্শ থাকতেই পারে। তবে একই সঙ্গে অন্যের মতামতের স্বাধীনতা এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা তৈরি করতে হবে।"
ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরি না করার ওপরও গুরুত্ব দেন রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, "কাউকে কোনো রাজনৈতিক পরিচয়ের ‘ট্যাগ’ দিয়ে তাঁর মতামত দমিয়ে রাখা কিংবা মানসিকভাবে বিপর্যস্ত করে তাঁর প্রতিভা নষ্ট করা যাবে না। শিক্ষার্থীরা যেন ভয়হীন ও স্বাধীন পরিবেশে পড়াশোনা করতে পারেন এবং নিজেদের মত প্রকাশের পাশাপাশি অন্যের মতামতকেও সম্মান করতে শেখেন - এমন পরিবেশ গড়ে তুলতে হবে।"
হুইপ বলেন, "ভীতিমুক্ত ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা, সৌজন্যবোধ ও পারস্পরিক ভালোবাসার সম্পর্ক আরও দৃঢ় হবে।"
উল্লেখ্য কুয়েটের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।








