ক্যাম্পাস

ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে রুয়েট শিক্ষার্থী মেহেরাব

রুয়েট প্রতিনিধি

শেয়ারঃ

ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে রুয়েট শিক্ষার্থী মেহেরাব- খবরের থাম্বনেইল ফটো

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী মো. মেহেরাব হোসাইন মারা গেছেন।


বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


মেহেরাব রুয়েটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি চাঁদপুর সদর উপজেলার পালবাজার এলাকায়।


পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অসুস্থ হয়ে প্রথমে কুমিল্লায় চিকিৎসা নেন মেহেরাব। তখন তাঁর শরীরে ক্যান্সার শনাক্ত হয়নি। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে তিনি রুয়েটে ফিরে কয়েক দিন ক্লাসও করেন। পরে আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তাঁর ব্লাড ক্যান্সার শনাক্ত হয়।


মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে মেহেরাবকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


মেহেরাবের বন্ধু রাগিব জানান, অসুস্থতার পর তাঁর চিকিৎসার বিষয়ে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ও তাঁর অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও বন্ধুরা গভীরভাবে শোকাহত।


মেহেরাবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রুয়েটের সহপাঠী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। তাঁর মৃত্যুতে রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরাও শোক প্রকাশ করেছেন।


সম্পর্কিত খবর