ক্যাম্পাস

সিকৃবিতে কৃষি অনুষদ ছাত্র সমিতির নতুন কমিটি গঠন: নেতৃত্বে রাব্বু-প্রিয়তোষ

সিকৃবি প্রতিনিধি

শেয়ারঃ

সিকৃবিতে কৃষি অনুষদ ছাত্র সমিতির নতুন কমিটি গঠন: নেতৃত্বে রাব্বু-প্রিয়তোষ- খবরের থাম্বনেইল ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অনুষদ ছাত্র সমিতির ২০২৬-২৭ কার্যকরী কমিটির নির্বাচন আজ ৯ সেপ্টেম্বর (বুধবার) অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে মোঃ রাব্বু প্রামাণিক সামিউ, সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে প্রিয়তোষ দাস এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জোবায়ের হোসেন ভূইয়া নাহিদ নির্বাচিত হয়েছেন।


কমিটিতে সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে খোদেজা রশীদ চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে পল্লব কুমার পাল এবং ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ সাদিক হোসেন নির্বাচিত হয়েছেন। বিশেষ সদস্য-১ হিসেবে মোঃ সৌরভ ইসলাম, বিশেষ সদস্য-২ হিসেবে শ্রী আবির কুমার পাল, সদস্য-১ হিসেবে রুপম কুন্ডু এবং সদস্য-২ হিসেবে মোঃ মাহমুদুর রহমান মাহিম দায়িত্ব পেয়েছেন।


নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ রাব্বু প্রামাণিক সামিউ বলেন, “মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং যারা আমাকে নির্বাচিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার্থীদের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রেখে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি, অধিকার ও কল্যাণে সততার সঙ্গে কাজ করার পাশাপাশি একাডেমিক সমস্যা, শ্রেণিকক্ষ ও ল্যাবের সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও বিশুদ্ধ পানিসহ অন্যান্য যে সমস্যাগুলো দ্রুত সমাধানযোগ্য, সেগুলো দ্রুত সমাধান আর যেসব বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেব।কৃষিশিক্ষার্থী হিসেবে একাডেমিকের পাশাপাশি গবেষণা, সেমিনার, কর্মশালা, দক্ষতা উন্নয়ন ও কৃষি-উদ্ভাবনমূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহীদের প্রয়োজনীয় তথ্য ও গাইডলাইন পাওয়ার সুযোগ তৈরিতেও কাজ করতে চাই।শিক্ষার্থীদের আস্থাই আমার শক্তি, শিক্ষার্থীদের কল্যাণ আমার অঙ্গীকার এবং কৃষি অনুষদের উন্নয়ন আমার লক্ষ্য।”


নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রিয়তোষ দাস বলেন, “কৃষি অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমার ব্যাচের সকল শিক্ষার্থীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমাকে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছেন, তাদের বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করব। শিক্ষার্থীদের একাডেমিক ও অন্যান্য যৌক্তিক সমস্যা নিয়ে কাজ করা, পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি এবং শিক্ষামূলক, সাংস্কৃতিক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম আয়োজনকে গুরুত্ব দিতে চাই। কোনো ধরনের বিভাজন না রেখে সকলের মতামতকে গুরুত্ব দিয়ে সবার সহযোগিতা ও পরামর্শে কৃষি অনুষদকে আরও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলতে চাই।”


নবগঠিত ছাত্র সমিতির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। এছাড়া ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মো. কামরুল হাসান।


সম্পর্কিত খবর