ক্যাম্পাস
কুবি আন্তঃবিভাগ ফুটবলে তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে লোক প্রশাসন বিভাগকে ২–১ গোলে হারিয়ে টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। দ্বিতীয়ার্ধে লোক প্রশাসন বিভাগ একটি গোল শোধ করলেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি। ফলে টানা তৃতীয়বার ফাইনালে হেরে রানার্সআপ হয় লোক প্রশাসন বিভাগ।
এর আগে সকাল ১০টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগকে ১–০ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে বাংলা বিভাগ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির পরিচালক ড. মো. মহিউদ্দিন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ড. মো. মহিউদ্দিন বলেন, “সবার সহযোগিতা ছাড়া আমার পক্ষে এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। আমি আমার প্রাণপ্রিয় ছাত্রসংগঠন ছাত্রদলকে ধন্যবাদ জানাই। তারা বিভিন্ন সময়ে ভ্যানগার্ড হিসেবে আমার পাশে থেকে সহযোগিতা করেছে।”
তিনি আরও বলেন, “আমি চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনায় নয়, খেলাধুলার মাধ্যমেও সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করুক। ভবিষ্যতেও এ ধরনের সফল টুর্নামেন্ট আয়োজনে আপনাদের সহযোগিতা কামনা করছি। জয়ী ও রানার্সআপসহ সবাইকে অভিনন্দন জানাই।”
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, “উদ্বোধনের দিন আমরা তোমাদের নিজেদের মধ্যে সংঘর্ষ এড়িয়ে খেলতে বলেছিলাম। তোমরা সেই কথা রেখেছ। সবগুলো ম্যাচ সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। বিজয়ী ও পরাজিত উভয় দলকেই অভিনন্দন জানাই। পাশাপাশি তৃতীয় স্থান অর্জনকারী বাংলা বিভাগকেও অভিনন্দন।”
উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “এ বছর কোনো অঘটন ছাড়াই আমরা টুর্নামেন্ট শেষ করতে পেরেছি। উনিশটি বিভাগের খেলোয়াড়, প্রক্টোরিয়াল টিম, ক্রীড়া পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট শিক্ষকরা এ সাফল্যের কৃতিত্বের দাবিদার। পারফরম্যান্সের ভিত্তিতে আমরা একটি বিশ্ববিদ্যালয় ফুটবল দল গঠন করব, যা আগামী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের জন্য জিমনেশিয়াম স্পোর্টস কমপ্লেক্সে স্থানান্তর করে বড় পরিসরে চালু করা হবে। বাস্কেটবল কোর্টও দ্রুত ব্যবহার উপযোগী করা হবে। মেয়েদের জন্য পৃথক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আগামী দিনেও আমরা শিক্ষার্থীবান্ধব ও সুশৃঙ্খল পরিবেশে সব ধরনের সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করব।”







