ক্যাম্পাস
সিকৃবিতে নতুন প্রক্টর, ছাত্র পরামর্শ দপ্তরের পরিচালক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিয়োগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছে। গত ৫ই অক্টোবর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ কাওছার হোসেন।
তিনি পূর্বে এম. ও. জি. ওসমানী হলের প্রভোস্ট হিসেবে দীর্ঘদিন অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল। তিনি পূর্বে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আশরাফুজ্জামান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি, শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করা এবং ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ পদায়ন করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ কাওছার হোসেন উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তাঁকে প্রক্টরের দায়িত্ব দেওয়ায় উপাচার্যের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের অংশীজন ও বিভিন্ন স্তরের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন তিনি।
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুসরণ করে সব ধরনের অনিয়ম ও অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অধ্যাপক কাওছার হোসেন। একই সঙ্গে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান মেনে চলা, পারস্পরিক সহনশীলতা বজায় রাখা এবং ভ্রাতৃত্ববোধের মাধ্যমে শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল বলেন, নতুন দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত এবং একই সঙ্গে দায়িত্বের গুরুত্ব সম্পর্কে সচেতন। শিক্ষার্থীদের কল্যাণ, সার্বিক নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখার সুযোগ হিসেবে তিনি এ দায়িত্বকে দেখছেন। ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করাকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিতে চান।
নিজের কর্মপরিকল্পনা তুলে ধরে অধ্যাপক মাহবুব ইকবাল বলেন, শিক্ষার্থীদের আবাসনসংক্রান্ত সমস্যা সমাধান, কার্যকর পরামর্শসেবা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্কচর্চা ও বিভিন্ন ক্লাবের কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বিকাশেও উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতির বিষয়ে তিনি জানান, উচ্চশিক্ষা ও চাকরির প্রস্তুতি, জীবনবৃত্তান্ত প্রণয়ন এবং সাক্ষাৎকারের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত সেমিনারের আয়োজন করা হবে। পাশাপাশি প্রশিক্ষিত পরামর্শকের মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া শিক্ষার্থীদের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ‘স্টুডেন্ট হেল্প ডেস্ক’ চালু, অভিযোগ বাক্স স্থাপন এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
নবনিযুক্ত কর্মকর্তারা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।





