ক্যাম্পাস

সিকৃবিতে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত

সিকৃবি প্রতিনিধি

শেয়ারঃ

সিকৃবিতে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত- খবরের থাম্বনেইল ফটো

বর্ণাঢ্য র‍্যালি, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ডিম বিতরণ ও সেমিনারের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হয়েছে 'বিশ্ব ডিম দিবস ২০২৬'। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।


সকালে বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি. এর সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন 'পাঠশালা একুশে'-এর তত্ত্বাবধানে ক্যাম্পাস সংলগ্ন বালুচর এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টির চাহিদা পূরণে ডিম বিতরণ করা হয়, তাদেরকে প্রতিদিন একটি করে ডিম খেতে উদ্বুদ্ধ করা হয়।


পরবর্তীতে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবনের সম্মেলন কক্ষে “ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি” শীর্ষক প্রতিপাদ্যের ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। পোল্ট্রি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, সংশ্লিষ্ট অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এস. এম. মাহবুব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল এবং ওয়েস্টার পোল্ট্রি অ্যান্ড ফিসারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান হোসেন।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, শিশু-কিশোর, গর্ভবতী নারী ও বয়স্ক ব্যক্তিদের পুষ্টি চাহিদা পূরণ এবং সুস্থ-সবল জাতি গঠনে ডিমের গুরুত্ব অপরিসীম। নিরাপদ ও মানসম্মত ডিম উৎপাদন, পোল্ট্রির রোগ প্রতিরোধ এবং খামার ব্যবস্থাপনার উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, খামারি ও উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. কামরুল হাসানের সঞ্চালনায় সেমিনারে মূল বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন।

অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়া পোল্ট্রি শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একজন সফল খামারি এবং একজন সরকারি কর্মকর্তাকে 'পোল্ট্রি শিল্প উন্নয়ন সম্মাননা স্মারক' তুলে দেন উপাচার্য।


▌সম্পর্কিত খবর