জাতীয়

ডিআইজির ফ্ল্যাটে ডিবি হানা: বিপুল মাদকসহ আটক ৮৫

নিজস্ব প্রতিবেদক

শেয়ারঃ

ডিআইজির ফ্ল্যাটে ডিবি হানা: বিপুল মাদকসহ আটক ৮৫- খবরের থাম্বনেইল ফটো

রাজধানীর ভাটারা এলাকার ‘পুলিশ হাউজিং-১’-এ এক পুলিশ কর্মকর্তার ফ্ল্যাটে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই ফ্ল্যাট থেকে মাদকসহ ২৬ জন নারী ও ৫৯ জন পুরুষসহ মোট ৮৫ জনকে আটক করা হয়েছে।


আজ ২০ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।


ডিবি সূত্রে জানা গেছে, ভাটারা এলাকার ওই আড়াইতলা ফ্ল্যাটটির মালিক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আব্দুল্লাহ আল জহির।


তিনি তার ফ্ল্যাটটি স্বল্পমেয়াদি আবাসন প্ল্যাটফর্ম এয়ারবিএনবি (Airbnb)-এর মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। তবে ভাড়াটেরা সেটিকে আবাসিক কাজে ব্যবহার না করে অবৈধ ডিজে পার্টি এবং মাদকের আসর হিসেবে ব্যবহার করে আসছিল। অনলাইনে বিভিন্ন আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে তরুণ-তরুণীদের এই পার্টিতে আমন্ত্রণ জানানো হতো বলে ডিবি জানিয়েছে।


সোমবার (১৯ অক্টোবর) রাত থেকে শুরু হওয়া এই অভিযানে ডিবির উত্তরা বিভাগ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে। এর মধ্যে রয়েছে ৫ বোতল বিদেশি মদ, বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা এবং ক্ষতিকর সিনথেটিক মাদক।


অভিযান শেষে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে,আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ফ্ল্যাটের মূল মালিক পুলিশ কর্মকর্তা হলেও এটি অননুমোদিতভাবে বাণিজ্যিক ও মাদক সংশ্লিষ্ট কাজে ব্যবহারের পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে প্রশাসন।


▌সম্পর্কিত খবর