জাতীয়

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য

মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে জামায়াতের পোস্টারিং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেয়ারঃ

মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে জামায়াতের পোস্টারিং- খবরের থাম্বনেইল ফটো

ছবি: রাজধানীর মগবাজার এলাকায় মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর পোস্টার।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পোস্টারিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৫ অক্টোবর) ঢাকার মগবাজার সহ বিভিন্ন স্থানে দলটির ঢাকা মহানগরী উত্তর শাখার নামে এসব পোস্টার দেখা যায়।


পোস্টারে মেজর (অব.) আখতারুজ্জামানকে মিথ্যা ও সাজানো মামলায় অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে বলে দাবি করা হয়। এতে তাঁর ছবি এবং গ্রেপ্তারের সময়কার কয়েকটি আলোকচিত্র ব্যবহার করে বড় অক্ষরে ‘নিঃশর্ত মুক্তি চাই’ লেখা হয়েছে।


এর আগে গত ২ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিন সংস্থাটির প্রধান শফিকুল ইসলাম তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।


বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।


মামলার এজাহার অনুযায়ী, ১ অক্টোবর মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে বিলম্ব হওয়ায় বিমানবন্দরে অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে মেজর (অব.) আখতারুজ্জামান তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মারধরের হুমকি দেন বলে অভিযোগ করা হয়।


এজাহারে আরও অভিযোগ করা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। এ সময় নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ছাড়া যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়।


তবে এসব অভিযোগকে মিথ্যা ও সাজানো বলে দাবি করে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


এদিকে গত ৪ অক্টোবর এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারি হস্তক্ষেপের কারণে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন হয়নি। তাঁর এ বক্তব্যের মধ্য দিয়ে গ্রেপ্তার ও জামিনের বিষয়টি নিয়ে দলটির অবস্থান প্রকাশ পায়।


উল্লেখ্য, মেজর (অব.) আখতারুজ্জামান এর আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।


গ্রেপ্তারের পর থেকে তাঁর মুক্তির দাবি জানিয়ে আসছে দলটি। এরই ধারাবাহিকতায় রাজধানীর মগবাজার এলাকায় জামায়াতের ঢাকা মহানগরী উত্তর শাখার নামে পোস্টারিংয়ের বিষয়টি সামনে এসেছে।


▌সম্পর্কিত খবর