জাতীয়

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর- খবরের থাম্বনেইল ফটো

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের সময়, ফল জানার পদ্ধতি ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী সোমবার (২৬ অক্টোবর) জানাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।


শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলাফলসংক্রান্ত বিস্তারিত তথ্য ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।


চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়।


এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী।


ফল প্রকাশের দিন ঘনিয়ে আসায় এখন ফল জানার পদ্ধতি ও বিস্তারিত নির্দেশনার জন্য অপেক্ষা করছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে ২৬ অক্টোবর আনুষ্ঠানিক তথ্য জানানো হবে।


▌সম্পর্কিত খবর