জাতীয়
বাংলাদেশ-জাপান বহুমুখী সম্পর্ক গভীর করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ও জাপানের বহুমুখী সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠকের পর মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি।
এ সময় তিনি জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো খাতে জাপানের বৃহৎ বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং দুই দেশের মধ্যকার সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনার ওপর আলোকপাত করেন। প্রধানমন্ত্রী বলেন, "আসুন, একসঙ্গে একটি শক্তিশালী, উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বাংলাদেশ ও জাপানের মধ্যকার বহুমুখী সম্পর্ককে আরও গভীর করি।"
তারেক রহমান উল্লেখ করেন, তাঁর এই জাপান সফর দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দুই নেতা গণতন্ত্র, আইনের শাসন, অর্থনৈতিক উন্নয়ন এবং একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি তাঁদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে জাপানের ‘পার্টনারশিপ ফর পাওয়ার এশিয়া’ উদ্যোগের আওতায় ৫ হাজার কোটি জাপানি ইয়েন (প্রায় ৩২ কোটি মার্কিন ডলার) জরুরি আর্থিক সহায়তার সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া, আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার) পর্যন্ত বিনিয়োগের সম্ভাবনা নিয়ে উৎসাহব্যঞ্জক আলোচনা হয়েছে, যার মাধ্যমে প্রায় ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। এই বিনিয়োগ শিল্পায়নকে ত্বরান্বিত করতে, উৎপাদন ক্ষমতা বাড়াতে এবং তরুণ কর্মশক্তির জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স, ইলেকট্রনিক্স উৎপাদন এবং উন্নত প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর জন্য একটি ‘বাংলাদেশ-জাপান টেক পার্ক’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, মহাকাশ বিজ্ঞান ও স্যাটেলাইট প্রকৌশলে সহযোগিতা এবং ছয়টি প্রধান বিভাগীয় শহরকে সংযুক্তকারী দ্রুতগতির রেল সংযোগ ও আধুনিক পরিবহন পরিকাঠামোর উন্নয়নে জাপানের কারিগরি ও আর্থিক সহায়তা নিয়েও আলোচনা হয়। উভয় দেশ যৌথ সমৃদ্ধির নতুন কাঠামোর অধীনে ‘বঙ্গোপসাগর শিল্প প্রবৃদ্ধি বলয় (বিগ-বি)’ উদ্যোগকে এগিয়ে নিতে সম্মত হয়েছে। এর মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগসেতু হিসেবে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
আলোচনায় বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ)-এর দ্রুত বাস্তবায়ন এবং অভিন্ন অগ্রাধিকারগুলোকে বাস্তব রূপ দিতে একটি মন্ত্রী পর্যায়ের যৌথ কমিশন গঠনের প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য জাপানের অব্যাহত মানবিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিয়ানমারে তাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে টোকিওর ধারাবাহিক সম্পৃক্ততার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন এবং মা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তা আরও শক্তিশালী করেছিলেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর তাঁর সরকার বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থানমুখী অর্থনীতি গড়তে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান তিনি। জাপানের বন্ধুত্ব, উদারতা এবং সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তাকাইচি, জাপান সরকার এবং জাপানের জনগণকে তাঁদের আতিথেয়তা ও আস্থার জন্য ধন্যবাদ জানান।
তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চার দিনের এই সরকারি সফরে দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে দুই নেতা জ্বালানি নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি, রেলপথ, অবকাঠামো এবং গভীর সমুদ্রবন্দর নিয়ে আলোচনা করেন এবং বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।








