জাতীয়
শাপলা কলি বিজয়ী করলে দেশে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আসন্ন নির্বাচনে শাপলা কলিকে ভোটে বিজয়ী করলে ১২ তারিখের পর দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হবে। দেশে চাঁদাবাজরা থাকবে না। আমরা পরিবর্তনের লড়াইয়ে আছি। ১০ দলীয় জোট সরকার গঠন করতে পারলে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবে। ঘুষ, দুর্নীতি, মাদক ও সন্ত্রাস কঠোরভাবে দমন করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের-৩ মঠবাড়িয়া একক আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ড. শামীম হামিদীর শাপলা কলি প্রতীকের পক্ষে শেষ নির্বাচনি জনসভায় রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন যোগ্য, সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রত্যাশা করে। শাপলা কলি মার্কা সেই পরিবর্তনের প্রতীক। এসময় তিনি পিরোজপুর-৩ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী ড. শামীম হামিদীকে পরিচয় করিয়ে দিয়ে পরিবর্তনের ভোট প্রার্থনা করেন।
সজীব ভুঁইয়া বলেন, বিগত ১৭ বছরে একটি দল মানুষের ভোটাধিকার হরণ করেছে। বর্তমানে একটি দল মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই বাংলার মানুষ আপনাদেরকে চরমভাবে প্রতিহত করবেন।
মঠবাড়িয়া শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখার আমির মোহাম্মদ আব্দুল জলিল শরীফ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, নারী-পুরুষ নির্বিশেষে সব শ্রেণির মানুষের অধিকার নিশ্চিত করতে হলে আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। এখন আমরা মারাত্মক একটা সংকটে আছি। আর একবার যদি কোনো বোনের গায়ে, ভাইয়ের গায়ে হাত দিতে আসেন তাহলে কীভাবে প্রতিহত করতে হবে সেটা আমার বোনেরা করবে ইনশাআল্লাহ।
মিতু বলেন, কোনো চান্দাবাজকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। রাস্তার অলিতে-গলিতে যারা গুন্ডামি করে তাদেরকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। যারা নারীর গায়ে হাত তুলে তাদেরকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না।
আরও বক্তব্য দেন, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ শামীম বিন সাঈদী, পিরোজপুর-৩ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী ড. শামীম হামিদী, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক লিয়াজোঁ কমিটির সেক্রেটারি ফয়সাল মাহমুদ শান্ত, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে নাসিম বিন সাঈদী প্রমুখ।








