জাতীয়

ভোটার পরিবহনে প্রার্থীদের বিনা ভাড়ার লঞ্চ, নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রশ্ন

ডেস্ক

শেয়ারঃ

ভোটার পরিবহনে প্রার্থীদের বিনা ভাড়ার লঞ্চ, নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রশ্ন- খবরের থাম্বনেইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার ভোটারদের বিনা ভাড়ায় লঞ্চে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন কয়েকজন সংসদ সদস্য প্রার্থী। ভোলা ও পটুয়াখালীসহ একাধিক গন্তব্যে এই সেবা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।


মঙ্গলবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, ভোলা, চরফ্যাশন ও পটুয়াখালীগামী বিভিন্ন লঞ্চে যাত্রীদের কাছ থেকে কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। যাত্রীদের বড় একটি অংশ ভোটার এবং কোনো কোনো ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে বিনা ভাড়ায় যাত্রার সুযোগ দেওয়া হচ্ছে।


যাত্রী ও লঞ্চ সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোলা-২ আসনের বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম চারটি লঞ্চ ভাড়া করেছেন। পটুয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী এ বি এম মোশাররফ দুটি লঞ্চ ভাড়া করেন। পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন একই গন্তব্যে দুটি লঞ্চ ভাড়া করেন। এছাড়া একই আসনের বিএনপি জোটের শরিক গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর (ভিপি নুর) এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হান্নান মাসউদও পৃথক লঞ্চ ভাড়া করেছেন বলে জানা গেছে।


ভোট দিতে বাড়ি ফেরত যাত্রীরা বলছেন, নির্বাচনের সময় এমন সুবিধা পাওয়ায় তাঁরা উপকৃত হচ্ছেন। তবে এই উদ্যোগকে ঘিরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রশ্নও উঠেছে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী, ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে পরিবহন সুবিধা দেওয়া অনৈতিক ও বিতর্কিত হিসেবে বিবেচিত হতে পারে বলে নির্বাচন বিশ্লেষকদের অভিমত।


লঞ্চ কর্তৃপক্ষের একাধিক কর্মচারী জানান, আগে থেকেই লঞ্চগুলো বুকিং দেওয়া ছিল এবং নির্দিষ্ট যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে না।


এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মুহাম্মদ মোবারক হোসেন বলেন, বিষয়টি তাদের নজরে আসেনি এবং এটি লঞ্চমালিকদের সিদ্ধান্ত বলেই তিনি মন্তব্য করেন।


নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে ভোটার পরিবহনে এ ধরনের উদ্যোগ কতটা আইনসম্মত এবং এতে ভোটের স্বচ্ছতা কতটা প্রভাবিত হচ্ছে—সে বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট অবস্থান ও তদারকি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


সম্পর্কিত খবর