জাতীয়
সরকার গঠনের দ্বারপ্রান্তে আমরা: নাহিদ ইসলাম

এনসিপি আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, তারা সরকার গঠনের দ্বারপ্রান্তে অবস্থান করছেন। তিনি দেশের জনগণকে উৎসবমুখর পরিবেশে দলে দলে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বাড্ডা এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “এখনই সময় দেশের মালিকানা বুঝে নেওয়ার। দীর্ঘদিন জনগণ প্রকৃতভাবে তাদের মতামত প্রকাশের সুযোগ পায়নি। সাম্প্রতিক অভ্যুত্থানের পর সেই সুযোগ সৃষ্টি হয়েছে। তাই জনগণ যেন ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।”
তিনি অভিযোগ করেন, ভোটের আগের দিন থেকে দেশের বিভিন্ন স্থানে তাদের প্রার্থী ও কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে জনগণের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন। “বিভিন্ন জায়গায় আমাদের নির্বাচনী ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আমরা এসব প্রতিকূলতার দিকে না তাকিয়ে জনগণের রায়কে গুরুত্ব দিতে চাই,”—যোগ করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণ ব্যালটের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দেবে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণের মধ্য দিয়েই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত হবে।”
তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি ভোটের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং সকল ভোটারকে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ করেন।








