জাতীয়

হাতিয়ায় সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ এনসিপির ৩০ নেতাকর্মী আহত

ডেস্ক

শেয়ারঃ

হাতিয়ায় সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ এনসিপির ৩০ নেতাকর্মী আহত- খবরের থাম্বনেইল ফটো

নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বিটিভির এক সাংবাদিকসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটগ্রহণ শুরুর পর বিভিন্ন কেন্দ্রের বাইরে এসব হামলার ঘটনা ঘটে।


চরঈম্বর বাংলা বাজার কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে শাপলা কলি প্রতীকের প্রার্থী হান্নান মাসউদের গাড়িবহরে থাকা বিটিভির রিপোর্টার মিরাজ উদ্দিনের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে হামলা চালিয়ে মাথা ও পিঠে কুপিয়ে জখম করে।


এ সময় মিরাজ উদ্দিনের সঙ্গে থাকা সাকিব নামে এক মোটরসাইকেল চালককেও মারধর করে আহত করা হয়।


আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।


এছাড়া একই ঘটনা ঘটেছে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ওছখালী বাজারে। এই কেন্দ্রে হান্নান মাসউদের সমর্থক আব্দুল কাদের ও তার ছেলে মো. ফয়সালের ওপর হামলার ঘটনা ঘটেছে। আব্দুল কাদের অভিযোগ করে বলেন, হামলাকারীরা সবাই বিএনপির প্রার্থী মাহবুবের শামীমের সমর্থক।


এছাড়া হামলার ঘটনা ঘটেছে বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মানছুর উদ্দিন জানান, সকাল থেকে হাসপাতালে ৩০ জনের মতো লোক এসেছে। এদের মধ্যে চারজন ভর্তি আছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।


হাসপাতালে ভর্তি হওয়া কর্মী-সমর্থকদের দেখতে আসেন হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী। তিনি আহত রোগীদের খোঁজখবর নেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। এ সময় তিনি বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলায় উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে পরে আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হবে বলে জানান তিনি।


হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক শামছুল তিব্রিজ জানান, বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়া হচ্ছে। অনেক জায়গায় এনসিপির কর্মীদের ওপর হামলা করা হয়েছে। অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। যানবাহন না থাকার কারণে অনেক লোককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এসব বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।


এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, কয়েকটি জায়গায় হামলা হয়েছে বলে তিনি শুনেছেন। তিনি নিজেও নির্বাচনের দায়িত্বে ব্যস্ত সময় পার করছেন। পরবর্তীতে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত খবর