জাতীয়
পঞ্চগড়ে বিএনপি নেতার উপস্থিতিতে খুলে দেওয়া হলো আওয়ামী লীগ কার্যালয়

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের তালা শুক্রবার সকালে খুলে দেওয়া হয়েছে। পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান উপস্থিত ছিলেন।
ঘটনার সঙ্গে যুক্ত আবু দাউদ প্রধান জানান, “চাকলা বাজারে যাওয়ার সময় কিছু লোক আমাকে জানান যে, আওয়ামী লীগ কার্যালয়ে তালা লাগানো হয়েছে এবং এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। আমি চাইছি, পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা হোক। স্থানীয় শান্তি ও সহাবস্থানের স্বার্থে আমি কার্যালয়ের তালা খুলে দিতে নির্দেশ দিয়েছি। এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং শান্তিশৃঙ্খলা বজায় রাখার পদক্ষেপ।”
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান (বুলেট) বক্তব্য রাখছেন। তার পাশে ছিলেন আবু দাউদ প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য আবুল হোসেন এবং পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান (স্বপন)। উপস্থিত ছিলেন অন্তত ৩০ জনের বেশি মানুষ।
কামরুজ্জামান ভিডিওতে বলেন, “বিএনপি নেতার মাধ্যমে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগ অফিস আজ মুক্ত হয়েছে। আমরা স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পঞ্চগড়ের সাবেক ছাত্রদল নেতা ইউনুস শেখ বলেন, “পঞ্চগড় সদর থানার সভাপতিকে কে দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, এটি আমার জন্য বোধগম্য নয়।”
এ ঘটনাটি স্থানীয় রাজনৈতিক পরিবেশে সর্তকতা এবং আলোচনার জন্ম দিয়েছে।








